খালেদা জিয়ার সভায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোটের শীর্ষনেত্রী বেগম খালেদা জিয়ার মহাসমাবেশস্থলে গতকাল শিবির-ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে সভা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মঞ্চে থাকা নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, মঞ্চের ডানদিকে শিবিরের বসার কথা থাকলেও তারা মঞ্চের সামনের দিকের স্থানটি দখল নিতে চাইলে ছাত্রদল বাধা দেয়। বেলা পৌনে দুইটার দিকে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ছাত্র শিবিরের নেতাকর্মীরা লাঠি হাতে ছাত্রদলের ওপর চড়াও হয়। এক পর্যায়ে জুতা ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। জনসভায় আসা লোকজন কিছুক্ষণের জন্য বিক্ষিপ্ত হয়ে পড়ে। পরে মঞ্চ থেকে ছাত্র শিবিরকে লাঠি নামাতে মাইকে ঘোষণা দেয়া হয়। এদিকে বেলা ১টার দিকে মঞ্চের উত্তর-পূর্বদিকে বিএনপির কতিপয় নেতা-কর্মী মঞ্চে উঠতে গেলে সেখানেও হট্টগোল সৃষ্টি হয়। মঞ্চের নিরাপত্তার দায়িত্বরতরা তাদের সামাল দিতে ব্যর্থ হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল আলমগীর ও কেন্দ্রীয় নেতা শমশের মবিন চৌধুরী এসে অনেকক্ষণ পর পরিস্থিতি সামাল দেন। অন্যদিকে সভাস্থলে জামায়াত-শিবিরের প্রাধান্য লক্ষ্য করা যায়। মাঠের উত্তর অংশের বিশাল এলাকা ছিল তাদের দখলে। সেখানে যুদ্ধপরাধে দণ্ডিতদের মুক্তির ব্যানার লাগানো ছিল। এদিকে সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় চরম জনদুর্ভোগ দেখা দেয়।