ওবামা-রুহানি সংলাপ

সমর্থন জানালেন ইরানের ধর্মীয় নেতা খামেনি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ফোনালাপকে সমর্থন জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি। পরমাণু কর্মসূচি নিয়ে ওবামা ফোনে কথা বলেছিলেন রুহানির সঙ্গে। আর এজন্য প্রেসিডেন্ট রুহানিকে দেশে বিরোধীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। খবর বিবিসির। খামেনি গতকাল তার ওয়েবসাইটে বলেন, প্রেসিডেন্ট রুহানি পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতে ওবামার সঙ্গে ফোনে আলাপ করেছেন। আমি সরকারের এই কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করি। তিনি বলেন, আমরা আমেরিকার ব্যাপারে আশাবাদী হলেও বিশ্বাস করতে পারি না। কিন্তু আমাদের তারা বিশ্বাস করতে পারে। কারণ তারা বিশ্বাস ভঙ্গ করলেও আমরা করি না। তিনি নিউইয়র্কে রুহানির কিছু কর্মকান্ড সঠিক হয়নি বলে মন্তব্য করেন। কিন্তু কোনো কর্মকান্ড সঠিক নয় তা নির্দিষ্ট করে বলেননি খামেনি। এছাড়া গতকাল তেহরানে সামরিক ক্যাডেটদের এক অনুষ্ঠানে যে কোনো বৈরী কার্যকলাপের কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন খামেনী। তিনি বলেন, জাতির শত্রুদের কাছ থেকে আমরা বারবার আপত্তিকর হুমকির কথা শুনে থাকি। যে কোনো আঘাতের বিরুদ্ধে আমাদের জবাব অত্যন্ত গুরুতর ও কঠোর হবে।