লিবিয়ায় বন্দুকধারীদের গুলিতে ১৫ সেনা নিহত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বন্দুকধারীদের হামলায় ১৫ সেনা নিহত হয়েছে। আরো চার সেনা গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল দেশটির সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির শক্তিশালী ঘাঁটি ছিল। খবর বিবিসির। ত্রিপোলির দক্ষিণ-পূর্বের বানি ওয়ালিদ নামের একটি স্থানে সামরিক তল্লাসি চৌকিতে এই হামলা চালায় কয়েকজন বন্দুকধারী। কারা এই হামলা করেছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায় নি। তবে ওই সরকার সশস্ত্র বাহিনীর প্রতিরোধকে মোকাবেলার চেষ্টা করছে। ওই এলাকাটি ২০১১ সালে গাদ্দাফির সৈন্যদের দখলে ছিল এবং নিয়ন্ত্রণ নিতে ব্যাপক বেগ পেতে হয় তখনকার বিদ্রোহীদের। সেনাবাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা একটি গাড়িতে করে আসে এবং চৌকির সামনে এসে একাধারে গুলিবর্ষণ শুরু করে। তাদের হাতে ভারি মেশিনগান ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।