গল্প নয় সত্যি

ইটের বদলে পাটকেল!

সেই ছোটবেলায় আদর্শলিপির বইয়ে অনেকেই হয়তো পড়েছিলেন যে ‘ইটটি মারলে পাটকেলটি খেতে হয়।’ কিন্তু ভিনদেশের আদর্শলিপিতে এ ধরনের কোনো বাক্য আদৌ আছে কি না কিংবা থাকলেও মারিয়া শিফরিন সেটা পড়েছিলেন কি না বলা মুশকিল। হয়তো ভাবছেন আদর্শলিপির শিক্ষার মাঝে এই মারিয়া শিফরিনটা আবার কে! তা বেশ তো, নেহাত যদি ভুলেই যেয়ে থাকেন তাহলে গত ২ অক্টোবরের দৈনিক ইত্তেফাকের আয়োজন পাতাটাই নাহয় আরেকবার পড়ে নিন। সেদিন ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে শিফরিনের চাকরি ছাড়ার সংবাদটুকু ছাপা হয়েছিল গল্প নয় সত্যি বিভাগে। আর শুধু দৈনিক ইত্তেফাকের কথাই বা বলা কেন, বরং আলোচিত এই ইস্তফা দিয়ে গোটা দুনিয়ার অনেক সংবাদ মাধ্যমেই স্থান করে নিয়েছিলেন শিফরিন। এদিকে শিফরিনের এই অভিনব ইস্তফায় তার চাকরিদাতা প্রতিষ্ঠান নেক্সট মিডিয়া এনিমেশন এর কর্তাব্যক্তি ও তার সাবেক সহকর্মীরা যে দারুণ চটেছিলেন সেটা সম্প্রতি তারা প্রমাণ করে ছেড়েছেন ভিন্ন আরেকটি ভিডিও চিত্রের মাধ্যমে। নতুন এই ভিডিও চিত্রে মারিয়া যে কাজের চাপের কথা বলেছিলেন সেটিকেই দারুণভাবে ব্যঙ্গ করেছেন সহকর্মীরা। তারা জানিয়েছেন কী করে কাজের মাঝে বসের সাথে আনন্দময় একটা সম্পর্ক গড়ে তুলেছেন তারা। একই সাথে ছাদে থাকা রুফটপ পুল এবং সনা বাথের ব্যবস্থা যে মারিয়ার কথা তাদের খুব একটা মনে পড়তে দেবে না সেটিও ভিডিও বার্তায় জানিয়েছেন সহকর্মীরা। এছাড়া মারিয়ার মতোই গানের তালে নেচে নেচে তাকে শুভকামনা জানিয়ে মারিয়ার পদে নতুন লোক নিয়োগের ঘোষণাও দেওয়া হয়েছেন ইতোমধ্যে প্রায় ৩৭ লক্ষ লোকের দৃষ্টি আকর্ষণ করা এই পাল্টা ভিডিওচিত্রটিতে।