এবার গীতিকার-সুরকার মাহফুজুর রহমান
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২০:০৮
প্রথমবারের মতো গীতিকার ও সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলেন ড. মাহফুজুর রহমান। শুধু লেখা এবং সুর নয়, এসব গানে কণ্ঠও দিয়েছেন তিনি। ঈদের মোট ৪টি টেলিফিল্ম ও নাটকে ৭টি গানে কণ্ঠ দিয়েছেন মাহফুজুর রহমান। এর মধ্যে সাদেক সিদ্দীকি পরিচালিত ‘তুমি যে আমার কবিতা’ এবং শেখ রুনা পরিচালিত ‘হয়তো তবুও ভালোবাসা’ টেলিফিল্মের জন্য করা গান দুটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইভা রহমান। বাকি ৫ গানের ৩টিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আনজানা এবং ১টি গানে কণ্ঠ দিয়েছেন তাসমি। এ গানগুলো প্রখ্যাত নির্মাতা মোহন খানের ৫ পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক ‘খোঁজ’ এবং ‘বড় ভালোবাসি তোমায়’ নামে একটি টেলিফিল্মে দেখা যাবে। গীতিকার এবং সুরকার হিসেবে আত্মপ্রকাশ করা প্রসঙ্গে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান বলেন, ‘অফুরন্ত সম্ভাবনা নিয়ে মানুষ এ পৃথিবীতে এসেছে। আমি ইচ্ছা করেছি, সঙ্গে করেছি চেষ্টা। হয়ে গেছে। গান যারা নিয়মিত শোনেন বা বুঝেন আমার কাজ কেমন হয়েছে সে বিচারের ভার রইল তাদের ওপরে। আমি শুধু এটুকুই বলতে পারি সামর্থ্য অনুযায়ী চেষ্টার কোনো ত্রুটি করিনি ভালো করার। দর্শক এবং শ্রোতাদের উত্সাহ পেলে আগামীতে আরও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব।’