ভৈরবের মেঘনায় নৌকা বাইচ লাখো মানুষের ঢল

ভৈরবের মেঘনা নদীতে গত শনিবার বিকাল ৫টায় নৌকা বাইচে দেখতে লাখো মানুষের ঢল নামে। ভৈরব ছাতিয়ানতলা থেকে সৈয়দ নজরুল ইসলাম সেতু পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পথে এ নৌকা বাইচ হয়। মোবাইল ফোন কোম্পানি বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় ৪র্থ নৌকাবাইচ প্রতিযোগিতা হয়। নৌকা বাইচ উপভোগ করতে রায়পুরা, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী, বেলাব ও শিবপুর উপজেলা থেকে প্রচুর দর্শণার্থী দুপুর থেকে নদীর পাড়ে ভিড় জমান। নৌকাবাইচ প্রতিযোগিতায় ২৭টি নৌকা ৩ ধাপে অংশগ্রহণ করে। তিন পর্বের প্রতিযোগিতায় উভয় পর্বে ৩টি নৌকাকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঘোষণা করে সর্বশেষ ঐ ৯টি নৌকা ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে চূড়ান্ত পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. মুস্তাক আহম্মেদ বুলবুল। গাঙ সমিতির সভাপতি আলহাজ্বু মনসুর হোসেন মুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমদ, বাংলাদেশ রোইং ফেডারেশন সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম, বাংলালিংক ময়মনসিংহ রিজিওনাল কমার্শিয়াল হেড আসিফুজ্জামান খান, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মো. হুমায়ূন কবীর প্রমুখ।