ভূঞাপুর ও সাঁথিয়ায় দুই জন খুন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২০:৪২
টাঙ্গাইলের ভূঞাপুর ও পাবনার সাঁথিয়ায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ভূঞাপুর (টাঙ্গাইল)
ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রাম থেকে গতকাল রবিবার সকালে এনজিও কর্মী কালাম নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সে মৃত কাজিম উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায়, কালামকে টাকার জন্য খুন করা হয়েছে। কালাম স্থানীয় একটি বেসরকারি এনজিওতে হিসাব রক্ষক ছিলেন। রাতে বাড়ি ফেরার পথে তার কাছ থেকে নগদ আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা দুষ্কৃতকারীরা ছিনিয়ে নেয়ার পর প্রথমে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা এবং পরে গামছা দিয়ে পেঁচিয়ে নুরুল ইসলামের পরিত্যক্ত ভিটেবাড়ির জিগা গাছের ডালে ঝুলিয়ে রাখে।
সাঁথিয়া (পাবনা)
পাবনার সাঁথিয়ায় গত শনিবার গভীর রাতে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে আকুল (৪০) নামে এক চরমপন্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে উপজেলার ভায়নাপাড়া গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে। সাঁথিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, নিজেদের মধ্যে চাঁদার টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে এ হত্যা সংঘটিত হয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে।