ময়েসকে বাঁচালেন এক বেলজিয়ান

গত সাত বছরের মধ্যে লিগে সবচেয়ে বাজে শুরুর পর গত শনিবার রাতে আবারো পরাজয়ের শঙ্কাই ঘিরে ধরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ডেভিড ময়েসকে। তবে প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে আদনান জানুজাজের দু’বার লক্ষ্যভেদে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে ইউনাইটেড। আর এই জয়ের পর জানুজাজকে প্রশংসার বৃষ্টিতে স্নাত করেছেন দারুণ চাপে থাকা ময়েস। অন্যদিকে লুইস সুয়ারেজ-ড্যানিয়েল স্টারিজ জুটির গোলে লিভারপুল ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। সোয়ানসি সিটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে মৌসুমের শুরুটা দারুণ হলেও এরপরের ম্যাচগুলোতে ইউনাইটেডের পারফরম্যান্সকে মোটেই আশাব্যঞ্জক বলা যাবে না। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিততে পেরেছে তারা। এর মধ্যে আছে নগর প্রতিন্দন্দ্বী ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ৪-১ গোলে হারও। অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী হিসেবে এ মৌসুমেই রেড ডেভিলদের দায়িত্ব নেয়া ময়েসের পারফরম্যান্সও তাই স্বভাবতই পড়ে প্রশ্নের মুখে। লিগে এখন পর্যন্ত জয়ের সন্ধানে ছুটতে থাকা সান্ডারল্যান্ডের বিরুদ্ধে হারলে সেই সমালোচনার মাত্রা যে আরো বাড়তো সন্দেহ নেই। তবে ময়েসকে অন্তত কিছুটা সময়ের জন্য হলেও সমালোচকদের হাত থেকে বাঁচালেন মূলত জানুজাজই। রুদ ফন নিস্টলরয়ের পর প্রথম ইউনাইটেড খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ অভিষেকেই দুই গোল করা এই বেলজিয়ানের গোল দুটি আসে ম্যাচের ৫৫ এবং ৬১ মিনিটে। শিষ্যের পারফরম্যান্সে দারুণ খুশি ময়েস এই ১৮ বছর বয়সীকে ‘বিশেষ কিছু’ আখ্যায়িত করে বলেন, ‘আমার পরিকল্পনা ছিল তাকে কয়েক সপ্তাহ আগেই মাঠে নামানোর। তবে যে কারণেই হোক সেটা বাস্তবায়িত হয়নি। তবে এখন সে মাঠে নেমেছে এবং প্রমাণ করেছে সে আসলে কোন্ মানের।’ এভারটনের কোচ থাকাকালে ময়েসের হাত ধরেই অভিষেক ঘটেছিল ওয়েইন রুনি, রস বার্কলিসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের। তাদের সাথে জানুজাজের তুলনা দিতে গিয়ে ময়েস বলেন, ‘আমি আগেও বলেছি যে রুনি এবং রস বার্কলিকে আমি ১৬ বছর বয়সে অভিষেকের সুযোগ দিয়েছি। তবে কোন সন্দেহ নেই তাদের সাথে তুলনা করলে এই মুহূর্তে আদনান অনেক বেশি পরিপক্ব। যদিও সে তাদের তুলনায় কিছুটা দেরিতে শুরু করেছে। তবে প্রিমিয়ার লিগে যেসব খেলোয়াড়রা এই মুহূর্তে খেলছে তাদের তুলনায় সে অনেক নবীনই।’ ডিফেন্ডারদের ভুলে ম্যাচে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় ম্যাচে নিজেদের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টিই ঝরলো ময়েসের কণ্ঠে, ‘আমার মনে হয় অন্য কোন ফল আমাদের প্রাপ্য ছিল না। হতাশাজনকভাবে একটি গোল হজম এবং দিঘিয়ার দুর্দান্ত একটি সেভের পর এমন জয় আমাদের প্রাপ্যই ছিল। এরপরও যদি আমরা হেরে যেতাম তাহলে সেটা অন্যায়ই হতো।’ পুরো ম্যাচেই ইউনাইটেডের আধিপত্য ছিল দাবি করে ময়েস আরো বলেন, ‘আমার মনে হয় প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি এবং সেটা ধরে রেখেছি এরপরে দ্বিতীয়ার্ধে আমাদের গোল দিতে না পারার কোন কারণ ছিল না। শেষ পর্যন্ত সেটাই আমরা করেছি।’ এদিকে ক্রমেই এক সফল আক্রমণাত্মক জুটি হয়ে উঠতে থাকা সুয়ারেজ-স্টারিজ গোলের দেখা পেয়েছেন কালও। এনিয়ে প্রিমিয়ার লিগে নয় ম্যাচে ১২ গোল করলো এই জুটি। এই দু’জনের পাশাপাশি অধিনায়ক স্টিফেন জেরার্ডের গোলে অল রেডরা অ্যানফিল্ডে সহজ জয়ই পেয়েছে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে যৌথভাবে শীর্ষে উঠে গেলো লিভারপুল। তবে গতকাল যদি গানার্সরা জিতে যায় তাহলে এতক্ষণে আবারো দুইয়ে নেমে গেছে তারা। এদিকে অ্যাস্টন ভিলা এবং বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে সহজ জয়ে লিগ পয়েন্ট টেবিলের শীর্ষ চারে ফিরেছে ম্যানুয়েল পেলগ্রিনির দল ম্যানচেস্টার সিটি। লুকাকু, নেগ্রোডো এবং সার্জিও আগুয়েরোর গোলে তারা ৩-১ গোলে হারিয়েছে এভারটনকে। রাতের অন্য তিনটি ম্যাচে ফুলহ্যাম এবং নিউক্যাসল ইউনাইটেড যথাক্রমে স্টোক সিটি এবং কার্ডিফ সিটিকে হারিয়েছে। অন্যদিকে গোলশূন্য ড্র করেছে হাল সিটি এবং অ্যাস্টন ভিলা।