প্যানেলভুক্ত প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন আজ থেকে

সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য অনশন শুরু করেছেন বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্যানেলভুক্ত শিক্ষকরা। গতকাল রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘন্টা অনশন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তবে আমরণ অনশনের প্রস্তুতি নিয়ে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হলেও কর্মসূচি পালনের অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরে যেতে বলে। তারা বেলা ২টায় তাদের কর্মসূচি স্থগিত করে আজ সোমবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আমরণ অনশন করার ঘোষণা দেন। অনশন কর্মসূচিতে বক্তারা বলেন, গত বছরের ৯ এপ্রিল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৪২ হাজার জনকে পাঁচ বছরের জন্য প্যানেলভুক্ত করা হয়। গত বছরই সেখান থেকে ১৪ হাজার জনকে বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়। এ বছর থেকে সকল বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয়া হলে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ বন্ধ করে দেয়া হয়। বক্তারা আরো বলেন, আমাদের অধিকাংশের সরকারি চাকরির বয়স ইতিমধ্যে পার হয়ে গেছে। ২৬ হাজার রেজিস্টার্ড ও স্বীকৃতিপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হওয়ার পর প্রতিটি বিদ্যালয়ে আরো একজন শিক্ষকের প্রয়োজন হবে। কর্মসূচিতে বক্তব্য রাখেন প্যানেলভুক্ত শিক্ষক সংগঠনের সভাপতি অপু সরকার, মহাসচিব এম নাজমুল হক, প্রধান উপদেষ্টা মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।