আজ শুরু ৭ম রাউন্ড
‘বড়দের’ ফেরার লড়াই
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২১:৪৪
হারের মধ্যেই আছে আবাহনী, টানা চার ম্যাচ হারে ব্যাকফুটে মোহামেডান, শেষ ম্যাচ হেরে চাপে আছে শেখ জামালও। সব মিলিয়ে বড় তিনটি দলের সামনে আজ একটাই লক্ষ্য- যেকোন মূল্যে আজকের ম্যাচ দিয়েই লড়াইয়ে ফিরে আসতে হবে।
আজ থেকে শুরু হতে যাচ্ছে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ৭ম রাউন্ড। দিনের তিনটি ম্যাচে মাঠে নামছে ভিক্টোরিয়া-মোহামেডান, গাজী ট্যাংক-আবাহনী, প্রাইম ব্যাংক-শেখ জামাল। এর মধ্যে সবচেয়ে কঠিন লড়াইয়ের সামনে পড়েছে মোহামেডান। তাদের প্রতিপক্ষ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। নয় পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভিক্টোরিয়া মোহামেডানের বিপক্ষে এগিয়ে থেকেই মাঠে নামবে। টানা তিন ম্যাচ হারা মোহামেডানের পয়েন্ট ছয়। দু’দলের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপির তিন নম্বর মাঠে।
আরেক ঐতিহ্যবাহী দল আবাহনী ছয় ম্যাচে মাত্র ২ পয়েন্ট পেয়েছে। পয়েন্ট তালিকায়ও শেষের দিকেই তাদের অবস্থান। প্রতিপক্ষ গাজী ট্যাংক ক্রিকেটার্স সেদিক থেকে বেশ এগিয়ে। ছয় ম্যাচে দলটির পয়েন্ট আট। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে তাই আবাহনীর জন্যও অপেক্ষা করছে বড় পরীক্ষা।
মোহামেডান বা আবাহনীর মতো না হলেও, শেখ জামালের চাপটাও কিন্তু কম নয়। তারকা সমৃদ্ধ দল গড়ার পরও আশানুরূপ সাফল্য পাচ্ছে না দলটি। আর শেষ ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে হারের ফলে এখন তাদেরও নামতে হচ্ছে ফেরার লড়াইয়ে। আট পয়েন্ট নিয়ে তারা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে। প্রাইম ব্যাংকের পয়েন্টও আট।
এক নজরে
ভিক্টোরিয়া - মোহামেডান (বিকেএসপি-৩)
গাজী ট্যাংক - আবাহনী (ফতুল্লা)
প্রাইম ব্যাংক - শেখ জামাল (বগুড়া)