সরকারের আয়ু আছে আর ১৮-২০ দিন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এ সরকারের আয়ু আর মাত্র কয়েকদিন, ১৮-২০ দিনের বেশি হবে না। দেশ ও জাতি আজ গভীর সঙ্কটে। এই সঙ্কট সৃষ্টি করেছে আওয়ামী লীগ। তাই তাদের না হঠানো পর্যন্ত এই সঙ্কট কাটবে না। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণ এ সরকারকে বিদায়ী সালাম দেয়া শুরু করেছে। গতকাল রবিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত দু’টি পৃথক অনুষ্ঠানে বিএনপির এই তিন নেতা এসব কথা বলেন। বিকেলে ঢাকা মহানগর জাতীয়তাবাদী রিকশা ও ভ্যানচালক শ্রমিক দলের প্রতিনিধি সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ অন্যের অধীনে নির্বাচন দিতে ভয় পাচ্ছে। তত্ত্বাবধায়কের দাবি মেনে নিচ্ছে না। নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়। আমাদের কথা পরিষ্কার। সরকার গঠন করা হোক যারা নিরপেক্ষ নির্বাচন করবে। অন্যদিকে বাংলাদেশ অগ্নিসেনা সংসদ আয়োজিত ‘মহাসংকট উত্তরণ ও গণতন্ত্র রক্ষায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিকল্প নেই’ শীর্ষক অপর এক আলোচনা সভায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ সরকারের জেল-জুলুম ও নির্যাতনের ভয়কে দূরে রেখে সবাইকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে শরিক হতে হবে। অগ্নিসেনা সংসদের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।