সাতক্ষীরা সীমান্ত দিয়ে রোগাক্রান্ত ভারতীয় গরু মহিষ আসছে

আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন বৈধ ও অবৈধভাবে আসছে প্রচুর ভারতীয় গরু ও মহিষ। এসব গরু-মহিষের মধ্যে কিছুসংখ্যক রোগাক্রান্ত। কিন্তু করিডোরগুলোতে নেই কোন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। এসব গরু দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। এদের সংস্পর্শে গিয়ে এসব এলাকার দেশীয় গরু অসুস্থ হয়ে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় খামারগুলো ও ব্যবসায়ীরা। কুশখালির খাটাল মালিক গোলাম মোরশেদ জানান, এসব গরু গন্তব্য স্থল পর্যন্ত পৌঁছাতে দীর্ঘ পথ চলতে চলতে ও না খেয়ে অসুস্থ হয়ে পড়ে। সেগুলোকে সুস্থ রাখতে এদেশের ব্যবসায়ীরা বিভিন্ন রকম ওষুধ খাওয়ায়। সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিশির কুমার বিশ্বাস জানান, ভারতীয় গরু বিভিন্ন রোগ-জীবাণু যেমন এফ এম ডি ক্ষুরারোগসহ ট্রান্সফারড ভাইরাল ডিজিজ বহন করে থাকে। যা দেশীয় ভালো গরুর জন্য ক্ষতিকর। রোগ জীবাণু বহন করা এসব গরু কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই প্রবেশ করছে। এটা আমাদের দেশের প্রাণি ও মানব সম্পদের জন্য হুমকিস্বরূপ। তিনি জানান, গরুর রোগ নির্ণয়ের জন্য এখানে কোন করেন্টাইন অফিস নেই। জেলা প্রশাসক ড. আনোয়ার হোসেন হাওলাদার জানান, রোগাক্রান্ত গরু পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই।