সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁস
নয়নকে ট্রাইব্যুনালে নিয়ে আলামত জব্দ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৪৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির মামলার রায় ফাঁসের ঘটনায় জড়িত বলে অভিযুক্ত ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতা কর্মী নয়ন আলীকে ট্রাইব্যুনালে নিয়ে আরো কিছু আলামত জব্দ করেছে ডিবি পুলিশ। গতকাল রবিবার ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে ডিবির উপ-কমিশনার (দক্ষিণ) ও তদন্ত তদারকি কর্মকর্তা কৃষ্ণপদ রায় সাংবাদিকদের কাছে আলামত জব্দ করার বিষয়টি জানান। তদন্তের স্বার্থে তিনি ট্রাইব্যুনাল-১ এর বিচারপতিদের সঙ্গেও কথা বলেছেন বলে জানান। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘রায়ের খসড়া অংশ ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জিডি করার পর থেকেই তদন্ত শুরু হয়েছে। তদন্তের তদারকি কর্মকর্তা হিসেবে গ্রেফতারকৃত নয়ন আলীকে ট্রাইব্যুনালে নিয়ে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করার বিষয়টি স্বীকার করলেও কি কি আলামত জব্দ করা হয়েছে সে বিষয়ে মুখ খোলেননি এই ডিবি কর্মকর্তা।
রায় ফাঁসের ঘটনায় আরো কাউকে সন্দেহ করা হচ্ছে কিনা জানতে চাইলে কৃষ্ণপদ রায় সাংবাদিকদের বলেন, তদন্তের গ্রহণযোগ্য অগ্রগতি হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি যৌক্তিক তালিকা তৈরি করা হচ্ছে। তবে তালিকায় কাদের নাম আছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। রায় ফাঁসের ঘটনায় ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তার বিষয়ে তাদের পর্যবেক্ষণ ট্রাইব্যুনালকে অবহিত করা হবে বলেও জানান তিনি। এর আগে সকাল ১১টার দিকে রিমান্ডে থাকা নয়ন আলীকে নিয়ে ট্রাইব্যুনালে আসে ডিবি পুলিশ। এ সময় কৃষ্ণপদ রায়ও ট্রাইব্যুনালে এসে দীর্ঘ সময় ধরে তদন্ত কাজ পরিচালনা করেন।
উল্লেখ্য, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের ঘটনায় গ্রেফতারকৃত ট্রাইব্যুনালের দুই কর্মচারী নয়ন আলী ও ফারুক বর্তমানে ৮ দিনের রিমান্ডে রয়েছে।