সীতাকুণ্ডে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২২:৫০
বকেয়া বিলের দাবিতে সীতাকুণ্ডে রাষ্ট্রায়ত্ত চারটি পাটকল ও একটি যন্ত্রাংশ তৈরির কারখানায় শ্রমিকরা গতকাল রবিবার সকালে একঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এর ফলে ২৫ কিলোমিটার জুড়ে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।
জানা যায়, সরকার মজুরি কমিশনের বকেয়া বিলের তৃতীয় কিস্তি পরিশোধ না করার কারণে সিবিএ সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি আন্দোলন কর্মসূচি ঘোষণা করে। হাফিজ জুট মিল, এম এম জুট মিল, গালফ্রা হাবিব জুট মিল, গুল আহম্মদ জুট মিল, আর আর জুট মিলের কয়েকশ’ শ্রমিক নিজ নিজ কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। সিবিএ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম বলেন, আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া পরিশোধ না করলে বুধবার চার ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে।