বাস পোড়ানোর প্রতিবাদ

বরগুনায় যান চলাচল বন্ধ করে দিয়েছে মালিক শ্রমিকরা

বরগুনা-ঢাকাসহ জেলার সকল রুটে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাস মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সদর উপজেলার পরীরখাল বাজারে গত শনিবার বাস চাপায় রিকশাযাত্রী নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিকে পুড়িয়ে ফেলে। এরই প্রতিবাদে গত শনিবার থেকে গতকাল রবিবার পর্যন্ত বরগুনা থেকে কোথাও কোন বাস ছেড়ে যায়নি। অন্যদিকে জেলার অভ্যন্তরীণ সকল সড়কে অন্যান্য যান চলাচলও বন্ধ করে দিয়েছে বাস-মালিক শ্রমিকরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস পুড়িয়ে দেয়ায় জড়িতদের শাস্তি না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে ঘোষণা দিয়েছে জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। একই দাবিতে গতকাল শহরে বিক্ষোভ মিছিল শেষে টাউন হল চত্বরে সমাবেশ করেছে বাস মালিক-শ্রমিকরা। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকল যানবাহন চলাচল বন্ধ করার এখতিয়ার বাস মালিকদের নেই। তাই অন্য যানবাহন যাতে চলতে পারে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।