স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠির দ. সোহাগদল গ্রামে ৫ম শ্রেণির পড়ুয়া এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মো. ফজলুল হক (৬৬) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর বাবা হাবিবুল্লাহ শাহীন বাদী হয়ে থানায় মামলা দেওয়ার পরে ফজলুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলুল হককে শনিবার দুপুরে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

বাদীর অভিযোগে জানা গেছে, তার কন্যা (১০) বুধবার দুপুরে বাগানের পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিবেশী ফজলুল হক তাকে ফুসলিয়ে বাগানের মধ্যে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে মেয়েটি ধস্তাধস্তি করে ছুটে বাড়িতে ফিরে অভিভাকদের কাছে ঘটনাটি জানায়। শিশুর অভিভাবকরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জানিয়ে বিচার দাবি করেন। স্থানীয়ভাবে বিচার না পেয়ে একপর্যায় শুক্রবার রাতে থানায় এসে মামলা দায়ের করেন।

নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে যৌন নিপীড়নের একটি মামলা রেকর্ড শেষে আসামি ফজলুল হককে আদালতে পাঠানো হয়েছে।