রামপাল প্রকল্পের বিরুদ্ধে দায়ের করা রিট খারিজ

রিট আবেদনের সঙ্গে দাখিল করা নথিপত্রে বিশেষজ্ঞ প্রতিবেদন না থাকায় রামপাল তাপ বিদ্যু প্রকল্পের দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। রায়ে বলা হয়েছে, রিট আবেদনের সঙ্গে দাখিলকৃত নথিপত্রে এমন কোন বিশেষজ্ঞ প্রতিবেদন নেই, যাতে ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। সে কারণে আবেদন না-মঞ্জুরযোগ্য। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিট আবেদনকারীদের কৌঁসুলি এডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, আদালত শুনানি শেষে রিট আবেদনটি খারিজ করে দিয়েছে। আমরা এই খারিজের বিরুদ্ধে আপিলের আবেদন করবো। সংবাদপত্রের প্রতিবেদন যুক্ত করে রিট করেছিলাম। প্রতিবেদনের নির্দেশনার জন্যই আদালতে গিয়েছিলাম। ২ অক্টোবর সুপ্রিম কোর্টের চার আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী, মো. একলাস উদ্দিন ভুঁইয়া, মাহবুবুল ইসলাম ও সৈয়দা শাহিন আরা লাইলী এই বিদ্যুত্ প্রকল্পে স্থিতিবস্থা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। গত বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি জাফর আহমেদ এই আবেদনের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেন। পরে আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতি ঐ বেঞ্চে পাঠান।