পলাশ (নরসিংদী) সংবাদদাতা
৯৬ ঘণ্টা উত্পাদন বন্ধের পর শনিবার ভোর থেকে ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলের উত্পাদন শুরু হয়েছে। মজুরিসহ ৯ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পলাশের ঘোড়াশাল শিল্প এলাকার বাংলাদেশ জুট মিলের উত্পাদন।
গত ১৩ মে ভোর ৬টায় মিলের নোটিস বোর্ডে বাংলাদেশ জুট মিলের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত নোটিস টাঙিয়ে মিলের উত্পাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। এদিকে মিলের সিবিএর পক্ষ থেকে শুক্রবার ঘোড়াশাল পৌর এলাকায় মাইকিং করে শনিবার ভোর থেকে মিলে কাজে যোগ দেওয়ার আহবান জানালে শ্রমিকরা ভোর থেকে পুনরায় উত্পাদন শুরু করে।
বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জানান, মিল কর্তৃপক্ষ ও বিজেএমসি কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরিসহ বিভিন্ন দাবি পর্যায়ক্রমে চলতি সপ্তাহ থেকে পরিশোধ করার আশ্বাস দিলে উত্পাদন শুরু করি।
বাংলাদেশ জুটমিলের মহাব্যবস্থাপক মো. গোলাম রব্বানী ৯৬ ঘণ্টা পর মিলের উত্পাদন শুরুর কথা স্বীকার করে বলেন, বিজেএমসির সঙ্গে কথা বলে শ্রমিকদের মজুরিসহ সকল পাওনা পরিশোধের ব্যবস্থা করবো।