যুবদল নেতা হত্যা
ইউপি চেয়ারম্যানসহ ৩৮ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বড়াইগ্রামে মামলা
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২৩:৪২
নাটোরের বড়াইগ্রাম থানা যুবদলের সহ-সভাপতি আবুল বাশারকে হত্যার ঘটনায় গত শনিবার রাতে তিন জনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ইউনিয়ন চেয়ারম্যানসহ ৩৮ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলার মেরিগাছা গ্রামের শাহজামাল, সুমন ও আফসার আলী।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, নিহতের বড় ভাই আব্দুল খালেক বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নগর ইউনিয়ন চেয়ারম্যান শামসুজ্জোহা ওরফে সাহেব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন ও ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদসহ ৩০ জনের নাম উল্লেখ করে মোট ৩৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অবশিষ্ট আসামিদের আটকের চেষ্টা চলছে। গত ৪ অক্টোবর মেরিগাছা বাজারে পূর্ব শত্রুতার জের ধরে বকুল ও তার লোকজন থানা যুবদলের সহ-সভাপতি আবুল বাশার মাস্টারকে গুলি ও কুপিয়ে হত্যা করে।