বরগুনায় নিখোঁজ কলেজ ছাত্রের লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার
বরগুনা উত্তর ও দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৩, ২৩:৪৩
বরগুনার থানা পাড়া এলাকার সুবল রায়ের ছেলে নিখোঁজ কলেজ ছাত্র অনিকের (১৭) লাশ ১৬ দিন পর গত শনিবার রাতে স্থানীয় সাব-রেজিস্ট্রি অফিসের পিছনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো সোহেল, রুবেল, সালাউদ্দিন, হূদয় ও নাজমুল। এদের মধ্যে সোহেল ও সালাউদ্দিন সহোদর ভাই।
সালাউদ্দিনের স্বীকারোক্তি মতে, অনিকের বাবার কাছ থেকে মুক্তিপণ আদায়ের জন্য পাঁচ বন্ধু মিলে গত ১৯ সেপ্টেম্বর বিকেলে প্রাইভেট পড়ে ফেরার পথে ছেলেটিকে অপহরণ করে পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার ভবনের পিছনে নিয়ে যায়। জোর করে প্রচুর গাঁজা ও মদ সেবন করালে কিছুক্ষণের মধ্যে অনিক অচেতন হয়ে পড়ে। তখন তার গলায় বিদ্যুতের তারের ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে ঘাতকরা। এরপর তারা অনিকের লাশ সেপটিক ট্যাংকের মধ্যে ফেলে ঢাকনা বন্ধ করে দেয়। পরদিন রুবেলের মোবাইল থেকে অনিকের বাবা সুবলের কাছে মুক্তিপণ বাবদ ৩ লাখ টাকা দাবি করে ঘাতকরা। সুবল রায় ২০ সেপ্টেম্বর বরগুনা থানায় সাধারণ ডায়েরী করেন। অপহরণকারীরা ছেলেকে হত্যার হুমকি দেয়ায় ঘটনাটি তিনি বাইরে প্রকাশ করেননি। পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে রুবেল ও সোহেলকে গ্রেফতার করলে হত্যা রহস্য বেরিয়ে আসে।
বরগুনা থানার অফিসার ইনচার্জ শিলমনি চাকমা জানান, আসামিদের রবিবার কোর্টে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।