গুগল’র স্মার্ট হাতঘড়ি ‘জেম’ আসছে এই মাসেই?
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ১৯:০৬
অ্যাপল’র স্মার্ট হাতঘড়ি এখনও আলোর মুখ না দেখলেও ইতোমধ্যেই স্যামসাং তাদের স্মার্ট হাতঘড়ি ‘গ্যালাক্সি গিয়ার’ অবমুক্ত করেছে প্রযুক্তি বিশ্বে। স্মার্ট হাতঘড়ির তালিকায় আগেই নাম লেখানোর ঘোষণা দিয়ে রেখেছে আরেক জায়ান্ট গুগল। তাদের এই ঘড়ি সম্ভবত এই মাসের শেষের দিকেই আসতে যাচ্ছে বাজারে। চলতি মাসের শেষেই গুগল অবমুক্ত করতে যাচ্ছে তাদের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ ‘কিটক্যাট’। ধারণা করা হচ্ছে ৩১ অক্টোবরে ‘কিটক্যাট’ অবমুক্ত করার সময়েই গুগল তাদের নতুন এই স্মার্ট হাতঘড়িকে পরিচয় করিয়ে দেবে বিশ্বের সামনে। জানা গেছে, গুগল’র নিজস্ব নেক্সাস ব্র্যান্ডের বর্ধিত অংশ হিসেবেই আসবে এই স্মার্ট হাতঘড়ি। তবে এর নাম দেওয়া হয়েছে ‘জেম’, যদিও ধারণা করা হচ্ছিল মটোরোলা’র ‘এক্সওয়াচ’ নামে এই হাতঘড়ি আনবে গুগল। গুগল’র এই স্মার্ট হাতঘড়িতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণটিই। যেকোনো অ্যান্ড্রয়েডের সাথেই কাজ করতে সক্ষম হবে এটি। অ্যান্ড্রয়েড ফোনের ইনকামিং কল রিসিভ করা, টেক্সট ম্যাসেজ পড়া, টেক্সট ম্যাসেজ পাঠানো, ব্লুটুথের মাধ্যমে ফোনের মিউজিক প্লেয়ারের নিয়ন্ত্রণের মতো সব কাজ করা যাবে এই হাতঘড়ি ব্যবহার করেই। তবে এর হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এর আকার সম্পর্কেও নেই কোনো তথ্য। প্রসঙ্গত, বর্তমানে বাজারে সনি, পেবলের মতো কিছু ব্র্যান্ডের স্মার্ট হাতঘড়ি থাকলেও এগুলো এখনও ব্যাপকভাবে বাজার ধরতে পারেনি। তবে সাম্প্রতিক এক গবেষণায় জানানো হয়েছে, আসছে ২০১৪ সালে বিশ্বব্যাপী স্মার্ট হাতঘড়ি বিক্রি হবে ১৫ মিলিয়ন ইউনিট। ২০২০ সাল নাগাদ এই পরিমাণ দাঁড়াবে ৩৭৩ মিলিয়নে। ফলে প্রযুক্তি পণ্যের বাজারে অন্যতম প্রধান একটি ডিভাইসে পরিণত হতে যাচ্ছে এই স্মার্ট হাতঘড়ি।