লাক্স-চ্যানেল আই তারকা আজমেরি হক বাঁধন মরণোত্তর চক্ষুদানের সিদ্ধান্ত নিয়েছেন। গত ২৫ নভেম্বর সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই তারকা তার সিদ্ধান্তের কথা জানান। স্বেচ্ছায় মরণোত্তর চক্ষুদান প্রসঙ্গে বাঁধন বলেন, ‘আমি স্টুডেন্ট লাইফে নিয়মিত রক্তদান করতাম। সন্ধানীতে রক্তদানের সঙ্গে যুক্ত ছিলাম। যখন থেকে বুঝতে শিখেছি, মানুষের বিপদে সবসময় চেষ্টা করি পাশে দাঁড়াতে।’ বাঁধন ডেন্টাল কলেজ থেকে পড়েছেন। ওই কলেজের শিক্ষক ডা. জয়নাল আবেদিন সন্ধানী চক্ষুদান সমিতির সঙ্গে যুক্ত। দুই বছর বাঁধন নিজেও বর্তমানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য। এ বিষয়ে বাঁধন বলেন, ‘স্যারের মাধ্যমে চক্ষুদান সমিতি সম্পর্কে জেনেছি। তবে চক্ষুদান করব, এটা কখনো ভাবিনি। শিক্ষকের অনুপ্রেরণায় চোখ দানের সিদ্ধান্ত নিয়েছি। মনে হয়েছে, আমি ঠিক করেছি। মানুষের জন্য কিছু একটা করতে পারছি।’