ঈশ্বরদীতে দলছুট হনুমান
খাবার নয় জুটছে ঢিল!
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২০:৫৪
ঈশ্বরদীতে দলছুট হনুমান খাবারের সন্ধানে ছুটে বেড়াচ্ছে বিভিন্ন স্থানে। খাবারের পরিবর্তে কপালে জুটছে কখনও কখনও ঢিল আর ইট-পাটকেল। ঢিলের আঘাতে ক্ষত-বিক্ষত হচ্ছে শরীরের বিভিন্ন স্থান। রক্তপাতের ঘটনাও ঘটছে। প্রতিবছরই পার্শ্ব্বর্তী দেশ ভারত হতে কিছু হনুমান সীমান্ত দিয়ে ট্রেনে চেপে বাংলাদেশে প্রবেশ করে। ঈশ্বরদী জংশন স্টেশন পর্যন্ত বেশিরভাগ ট্রেনেরই শেষ গন্তব্যস্থল। ঈশ্বরদীতে বড় বন বা জঙ্গল না থাকায় দলছুট হয়ে আসা হনুমানগুলো খাবারের সন্ধানে ছুটছে লোকালয়ে। ঘুরছে এবাড়ি ওবাড়ি। এখন ফলমূলের মৌসুম নয়। তাই গাছে পেয়ারা ছাড়া আর তেমন কোন ফল নেই যা খেয়ে হনুমান জীবন-ধারণ করবে। দোকানের আশেপাশে থাকলে অনেকেই শখের বশে একটি রুটি অথবা কলা দিলেও পরক্ষণেই কেউ কেউ ঢিল ছুঁড়ছে। ঢিলের আঘাতে ক্ষত সৃষ্টি হচ্ছে শরীরের বিভিন্ন স্থান। হচ্ছে রক্তপাত। এরপরও ক্ষুধার তাড়নায় ভয়কে উপেক্ষা করে হাত পেতে খাবার নিচ্ছে মানুষের কাছ থেকে।