নড়াইলে দু’জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২০:৫৬
দিনাজপুর, নড়াইল, মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।— খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
পার্বতীপুর উপজেলার আমবাড়ীতে গতকাল সোমবার সকালে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে চালক হাফিজুর রহমান (৫৫) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দিনাজপুর-ফুলবাড়ী সড়ক প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ট্রাক চালকের লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
নড়াইল
নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুরে গত রবিবার দুপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাশেদুল ইসলাম (২৩) ও মো. নাজমুল (২৩) নামের দুইজন বাস যাত্রী নিহত ও ১৫ জন আহত হয়েছে। রাশেদুল ইসলাম জেলার সদর উপজেলার দিঘলিয়া গ্রামের লুটি শেখের পুত্র এবং মো. নাজমুল সদর উপজেলার সীমাখালী গ্রামের আব্দুল ওহাব-এর পুত্র।
মাগুরা
মাগুরা-কামারখালী মহাসড়কের সদর উপজেলার কছুন্দি এলাকায় গত রবিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মহম্মদ আকরাম (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত এবং ২ যাত্রী আহত হয়েছে। নিহত আকরামের বাড়ি ঝিনাইদহের গোয়ালপাড়া গ্রামে। ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবালয় (মানিকগঞ্জ)
ঢাকা-আরিচা মহাসড়কের উথলী বাসস্ট্যান্ডের কাছে গত রবিবার দুপুরে গাবতলীগামী বিআরটিসি এসি কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজিজউদ্দিন মাহমুদ (৪০) এক ব্যবসায়ী নিহত ও ৩ জন আহত হন। আহতদের উথলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আজিজউদ্দিন মোহাম্মদপুরের জাপান সিটি গার্ডেনের বাসিন্দা আব্দুল কুদ্দুসের পুত্র।
কটিয়াদী (কিশোরগঞ্জ)
কটিয়াদী উপজেলার উজানচর বাসস্ট্যান্ডের কাছে গতকাল সোমবার যাত্রীবাহী বাসের ধাক্কায় টমটম উল্টে গিয়ে সোহেল (৩৮) নামে টমটম চালক নিহত হয়েছে। সোহেলের বাড়ি কিশোরগঞ্জ সদরের মনিপুর ঘাটে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিহাট এলাকায় গত রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় মোঃ কামাল (২৮) নামে এক কৃষক নিহত হয়েছে। সে উপজেলার শীতলপুর গ্রামের নুর আলমের ছেলে। কৃষক কামাল মাদামবিবিরহাট বাজারে সবজি বিক্রি করে সিএনজি অটো রিকশাযোগে বাড়ি ফেরার পথে ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।