প্রতিপক্ষের মাঠে প্রথম জয় চেলসির
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২১:৪৫
এবার চেলসি কোচ হোসে মরিনহো স্বস্তির নিশ্বাস ফেলতেই পারেন। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ইংলিশ ক্লাবটি প্রতিপক্ষের মাঠে কিছুতেই জয়ের দেখা পাচ্ছিল না। গত পরশু রবিবার নওরিচ সিটির মাঠে স্বাগতিকদেরকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রতিপক্ষের মাঠে মৌসুমের প্রথম জয় তুলে নিল মরিনহোর দলটি।
এদিকে আর্সেনালের জয়রথ থেমেছে ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিওনের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করায়। আর দিনের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে টটেনহ্যাম হস্পার।
ম্যাচের চার মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার চেলসিকে এগিয়ে দেন। তবে অ্যান্থনি পিলকিংটন ৬৮ মিনিটে স্বাগতিকদের পক্ষে সমতা ফেরান। প্রতিপক্ষের মাঠে আরো একটি জয় বঞ্চিত হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে এডেন হ্যাজার্ড ৮৬ মিনিটে মরিনহোর দলকে এগিয়ে দেন। এর ঠিক পরের মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়াম চেলসির হয়ে নিজের প্রথম গোলটি করার মাধ্যমে নওরিচ সিটির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। শেষ পাঁচ মিনিটের ওই দুই গোলের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিওনের বিপক্ষে তাদের মাঠে খেলতে গিয়ে এদিকে থামল আর্সেনালের জয়যাত্রা; প্রতিপক্ষের মাঠে টানা জয়ের রেকর্ড আটে এসেই থেমে গেল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্সেনালের। আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে স্বাগতিকদের হারিয়েছিল ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিওন। এবার আটকে দিল তারা আর্সেনালকে।
ম্যাচের ৪২ মিনিটে প্রায় ছয় গজ দূর থেকে মর্গান অ্যামালফিতানোর ক্রস থেকে হেড করে স্বাগতিকদেরকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার ক্লাউডিও আরিয়েল ইয়াকোব। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই ওয়েস্ট ব্রোমের স্ট্রাইকার নিকোলাস আনেলকা দারুণ একটি সুযোগ নষ্ট না করলে নিশ্চিত ২-০ তে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ম্যাচের ৫২ মিনিটে এই ফরাসী স্ট্রাইকার আরো একটি সুযোগ হাতছাড়া করেন। আর এগিয়ে যেতে পারেনি স্টিভ ক্লার্কের দলটি। জ্যাক উইলশেয়ারের গোলে উল্টো সমতা ফিরিয়েছে ওয়েঙ্গারের দল। এরপর উভয় দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছেড়েছে দল দুটি।
ওয়েস্টহ্যাম ও টটেনহ্যাম ম্যাচে প্রথম ৬৫ মিনিট কোনো দলই গোল পায়নি। তবে ৬৬ থেকে ৭৯ মিনিটের মধ্যে পরপর তিনটি গোল করে টটেনহ্যাম হটস্পারের মাঠে স্বাগতিকদের বড়ো ব্যবধানে হারাল পয়েন্ট টেবিলের তের নম্বরে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। গত রবিবারের এই জয়ের সুবাদে চৌদ্দ বছর পর হোয়াইট হার্ট লেনে প্রথম জয় পেল ওয়েস্ট হ্যাম।
ম্যাচের শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে স্যাম অ্যালারদাইচের দলটি। কার্যত পুরো ম্যাচে কোচ আন্দ্রে ভিলাস বোয়াসের টটেনহ্যাম গোল করার মতো কয়েকটি সুযোগ পায়। তবে ওয়েস্ট হ্যামের গোলরক্ষক জুসি জাসকেলাইনেন সবগুলো প্রচেষ্টাই ফিরিয়ে দেন। উইন্সটন রেইড ৬৬ মিনিটে সফরকারীদের হয়ে প্রথম গোলটি করেন। এর ঠিক ছয় মিনিটের মাথায় রিকার্ডো ভাজ তে’র গোলে জয় নিশ্চিত করে ফেলে অ্যালারদাইচের দলটি। এরপর ৭৯ মিনিটের মাথায় রাভেল মরিসনের গোলের সুবাদে ৩-০ ব্যবধানের বড়ো জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্টহ্যাম।