মহার্ঘভাতার দাবিতে জেলা পর্যায়ে মানববন্ধন ১০ অক্টোবর

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণাকে অভিনন্দন জানিয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। তবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য অনুরূপ সুবিধা ঘোষণা না দেয়ায় তাদের সাথে সরকার বিমাতাসুলভ আচরণ করেছে বলে মন্তব্য করেছেন জোট নেতৃবৃন্দ। তাদের ভাষায় বেসরকারি শিক্ষক কর্মচারীরা আর্থিকভাবে বিপর্যস্ত। তাই তাদের জন্য অবিলম্বে মহার্ঘ ভাতা ঘোষণা করা হোক। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে সোমবার নয়াপল্টন কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা মো. দেলোয়ার হোসেন, মো. জাকির হোসেন, অধ্যাপিকা তাছলিমা বেগম, গোলাম হোসেন সোহেল, আবদুল গনি, সামছুল হক ফারুক, অধ্যাপক জাকারিয়া শরীফ, অধ্যাপক আবদুল হাকিম, অধ্যাপক আবু তাহের, অধ্যাপক রফিকুল ইসলাম, রাশিদা আক্তার প্রমুখ। সভায় আগামী ১০ অক্টোবর সকাল ১১টায় মহার্ঘ ভাতার দাবিতে সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। —প্রেস বিজ্ঞপ্তি