সরকার বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্রে লিপ্ত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের পর আওয়ামী লীগ এখন বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে। বিএনপি জেগে উঠেছে, সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে। এতে ঈর্ষান্বিত হয়ে সরকার বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছে। তারা আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির পাঁয়তারা করছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতীয়তাবাদী শক্তির মধ্যে ইস্পাত ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল সোমবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বর্ধিত সভায় তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আবারো তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আওয়ামী লীগকে দ্বিতীয়বারের মত ক্ষমতায় আসতে দেয়া যাবে না। এজন্য আমাদের নেত্রী নির্বাচন প্রতিহতে প্রতিটি ভোট কেন্দ্রে সংগ্রাম কমিটি গঠনের ডাক দিয়েছেন। এক্ষেত্রে স্বেচ্ছাসেবক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে আওয়ামী লীগ যখন বুঝতে পেরেছে আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে তারা বিজয়ী হতে পারবে না, তখন সংবিধান পরিবর্তন করে নিজেরা ক্ষমতায় থেকে নির্বাচন দিতে চায়। সরকার আইন দিয়ে মানুষের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ এবং অনলাইন নীতিমালার মাধ্যমে মিডিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার পাঁয়তারা করছে। তিনি উল্লেখ করেন, আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সভায় সংগঠনের সভাপতি হাবীব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সাইফুল ইসলাম পটু প্রমুখ উপস্থিত ছিলেন।