চট্টগ্রামে পাহাড়ে মেয়রের বাংলো নির্মাণের উপর হাইকোর্টের স্থিতাবস্থা
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৫৬
পাহাড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের জন্য নির্মাণাধীন বাংলোর ওপর স্থিতাবস্থার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে আগামী দুই মাসের মধ্যে টাইগারপাসে খননকৃত ওই পাহাড়ের জায়গা ভরাট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে নির্দেশ দেয়া হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদেশে সিটি কর্পোরেশনের অধীনে টাইগারপাস এলাকায় পাহাড় কাটা ও ধ্বংস করার কাজে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়া হয়। সিটি কর্পোরেশনের ওই জায়গায় পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসক, সিএমপি কমিশনার, ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিকে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেই, পাহাড়ে মেয়রের বাংলো শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন হিউম্যান রাইট্স এন্ড পিস্ ফর বাংলাদেশের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী। আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিজল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।