রাজনৈতিকভাবে ‘সংগ্রাম কমিটিকে’ মোকাবিলা করবে ১৪ দল
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৫৬
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী দলীয় নেত্রীর ঘোষিত ‘সংগ্রাম কমিটিকে’ রাজনৈতি-কভাবেই মোকাবেলা করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। অযৌক্তিক দাবিতে যে যতো কমিটিই গঠন করুক না কেন আগামী নির্বাচন প্রতিহত করার ক্ষমতা কারো নেই।
গতকাল সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের এক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য কোন সাংবিধানিক বা গণতান্ত্রিক ভাষা নয় উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, আপনি (খালেদা জিয়া) সংগ্রাম কমিটি করে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছেন, কিন্তু আপনার দলের লোকেরাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তাই আমাদের প্রতিহতের আগে আপনার দলের নেতাদের প্রতিহত করুন।
নির্বাচনকালীন সরকার নিয়ে কোন ধরনের প্রস্তাব থাকলে বিরোধী দলকে সংসদে এসে তা তুলে ধারার আহ্বান জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আপনাদের কোন প্রস্তাব থাকলে সংসদে এসে দিন। ১৪ দল সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদ ইসলাম খান, গণ আজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ড. নীম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।