নিরাপত্তাকর্মী এনামুল খুন

পুলিশ ভিডিও ফুটেজ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে

রাজধানীর মোহাম্মদপুরে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী এনামুল হক খুনের ঘটনার রহস্য উদঘাটনে বুথের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, বুথের ভেতরের ৮টি ক্যামেরার মধ্যে ৭টিতেই শুধুমাত্র বুথের ভেতরের ভিডিও রয়েছে।একটি ক্যামেরায় রয়েছে বাইরের ভিডিও। তবে তা খুব অস্পষ্ট। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যাংক কর্তৃপক্ষকে ওই ভিডিওটি স্পষ্ট করে দেয়ার অনুরোধ জানিয়েছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ভোর সোয়া ৫টার দিকে শাড়ি পরিহিত একজন মহিলা ও অল্প বয়সী একটি ছেলে বুথের সামনে আসে। এরপর ভিডিওতে আর এনামুলকে দেখা যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ভিডিও ফুটেজ সংগ্রহের কথা স্বীকার করে জানান, ঘটনার তদন্তে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে এনামুলের কোন শত্রু ছিল না। দরিদ্র ঘরের সন্তান এনামুল ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে। তুচ্ছ কোন ব্যক্তিগত ঘটনায় তিনি হত্যার শিকার হয়ে থাকতে পারেন বলে জানান তিনি। গত রবিবার মোহাম্মদপুরের নুরজাহান রোডে ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে এনামুলের লাশ উদ্ধার করে পুলিশ।