ব্যারিস্টার ফখরুলকে গ্রেফতার না করার নির্দেশনার আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ২২:৫৭
হাইকোর্টের অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামকে পুলিশ কর্তৃক গ্রেফতার বা হয়রানি করার যুক্তিসংগত কোন কারণ নেই। এ কারণে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি হাবিবুল গণিকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবেদনের ওপর কোন আদেশ না দিয়ে তা ফেরত দিয়ে দেন। ফখরুলের আইনজীবী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন এমপি বলেছেন, আমরা গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশনা চেয়ে এ আবেদন করেছিলাম। কিন্তু আদালত মনে করেছেন আবেদনকারীর এ ধরনের আশংকার কোন ভিত্তি নেই। এ কারণে তারা আবেদনটি ফেরত দিয়ে দিয়েছে।
গত ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। তবে ট্রাইব্যুনাল কর্তৃক ওই রায় ঘোষণার আগেই তা ফাঁস হয়েছে বলে বিভিন্ন সাইটের তথ্যে দেখা যায়। একইসঙ্গে সালাহউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পক্ষ থেকেও এ ধরনের অভিযোগ তোলা হয়। পরদিন ট্রাইব্যুনাল রায় ফাঁসের ঘটনায় শাহবাগ থানায় জিডি করে। ওই জিডির ভিত্তিতে পরে রায়ের অংশবিশেষ ফাঁসের ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে ট্রাইব্যুনালের পরিচ্ছন্নতা কর্মী (অস্থায়ী ভিত্তিতে কর্মরত) নয়নসহ তিনজনকে আসামি করে একটি মামলা হয়। এই মামলায় ব্যারিস্টার ফখরুলের জুনিয়র মেহেদী হাসানকেও আসামি করা হয়। এই কারণে তাকেও এই মামলায় গ্রেফতার বা হয়রানি করা হতে পারে এই আশংকায় হাইকোর্টে আবেদন করেন ব্যারিস্টার ফখরুল।