তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না জাপা :এরশাদ

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, সরকার যদি নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়কের দাবি না মানে এবং সব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে তাহলে তার দলও সেই নির্বাচনে অংশ নেবে না। গতকাল সোমবার বনানী কার্যালয়ে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা জাপার নবগঠিত আহ্বায়ক কমিটির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এরশাদ বলেন, কাউকে ক্ষমতায় বসানোর জন্য আমরা কোনো নির্বাচনী ফাঁদে পা দেব না। দেশবাসী এখন অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। ২৫ অক্টোবর কী হবে তা নিয়ে জনগণ উদ্বিগ্ন। আমরাও জানি না আসলে কী হবে। দেশবাসীর সাথে আমরাও আতঙ্কিত। তিনি বলেন, দেশ অনিবার্য সংঘাত আর রক্তপাতের দিকে এগিয়ে যাচ্ছে। জাতি এই সংঘাত ও রক্তপাত থেকে মুক্তি চায়। দুটি দলের ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে দেশবাসী আজ দিশেহারা। ক্ষমতায় থাকার জন্য তারা দেশকে বারবার সংঘাতের পথে ঠেলে দিচ্ছে, দেশ আর জাতিকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায় এই দুটি দল। জাপা চেয়ারম্যান আরো বলেন, শাহবাগ চত্বরের কারণে দেশ আজ আস্তিক আর নাস্তিক দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপা নেতা সোলায়মান আলম শেঠ, তাজুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম জাপা নেতা নুরুচ্ছফা সরকার, শায়েস্তা খাঁন চৌধুরী ও মেজবাহ্উদ্দিন আহমেদ আকবর প্রমুখ।