সরকারি চাকরিজীবীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা ১ জুলাই থেকে কার্যকর

সরকারি চাকরিজীবীদের জন্য মূল বেতনের ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা কার্যকর করা হয়েছে। অর্থ বিভাগ গত ১ জুলাই থেকে এ সুবিধা কার্যকর করে গতকাল সোমবার আদেশ জারি করে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রবিবার পেশাজীবীদের সমাবেশে ঘোষণা দেয়ার একদিনের মধ্যে এ মহার্ঘ ভাতা কার্যকর করা হল। এর ফলে পদ ভেদে সর্বনিম্ন দেড় হাজার এবং সর্বোচ্চ ৬ হাজার টাকা বাড়বে মোট বেতন। সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, দপ্তর, অধিদপ্তরের বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এই সুবিধা কার্যকর হবে। সাধারণত মহার্ঘ ভাতা নতুন করে ঘোষণা করা বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করা হলেও এবার তা করা হবে না। বেতনক্রম যখনই বা যতবারই ঘোষণা করা হলেও মূল বেতনের অতিরিক্ত ২০ শতাংশ এ আর্থিক সুবিধা অব্যাহত থাকবে। এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী শীঘ্রই সরকারি চাকরিজীবীদের জন্য গঠন করা হবে একটি স্থায়ী বেতন কমিশন। চলতি মাসেই এটি হয়ে যাবে বলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়া ইত্তেফাককে জানিয়েছেন। উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতা আসার পর মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের অবসরের বয়স ২ বছর বাড়িয়ে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। পরে সকল গণকর্মচারীর অবসরের বয়সও করা হয় ৫৯ বছর। এছাড়া দফায় দফায় দেয়া হয়েছে পদোন্নতি। যদিও বিপুল সংখ্যক কর্মকর্তার পদোন্নতি বঞ্চনার ঘটনায় প্রশাসনে এখনো ক্ষোভ-অসন্তোষ রয়েছে। এদিকে সচিব পদ মর্যাদায় সৃষ্টি করা হয়েছে ৩৭টি পদ। অতিরিক্ত সচিব তথা গ্রেড-২ এ বেতন স্কেল ১৯টি পদে নির্ধারণ করা হয়েছে। এ সকল পদে সচিব হতে না পারা অনেকে নিয়োগ পেতে পারবেন।