ভি ন দে শে উ চ্চ শি ক্ষা 

থাইল্যান্ডে পড়তে চাইলে

থাইল্যান্ড। দেশটি ইতোমধ্যে পর্যটক ছাড়াও জায়গা করে নিয়েছে বিদেশি শিক্ষার্থীদের মনে। তুলনামূলক কম খরচ ও বাড়তি আয়ের সুবিধার কারণে শিক্ষার্থীদের পছন্দের দেশ থাইল্যান্ড। প্রয়োজনীয় কাগজপত্র ঠিক থাকলে ভিসা পেতে তেমন ঝামেলা হয় না। দেশটির শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়, বৃত্তি, ভিসাসহ শিক্ষাবিষয়ক তথ্য পাওয়া যাবে এই সাইটে— studyinthailand.org আবেদনের আগে: শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কিংবা প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত আছে কিনা তা নিশ্চিত করুন। ব্যাচেলর প্রোগ্রামের জন্য ১২ বছরের শিক্ষাগত যোগ্যতা অর্থাত্ এইচএসসি কিংবা এ-লেভেল পাস হতে হবে। ন্যূনতম আইইএলটিএস স্কোর থাকতে হবে ৫.০০। আইইএলটিএস ছাড়াও আবেদন করা যাবে। তবে সে ক্ষেত্রে শিক্ষার্থীকে সে দেশে ইংরেজি ভাষা দক্ষতার ওপর ফাউন্ডেশন কোর্স করতে হবে। ভর্তির আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হয় সব পরীক্ষার একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট, আবেদন ফির রসিদ, আইইএলটিএস স্কোর সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি, মেডিক্যাল রিপোর্ট, ব্যাংক সলভেন্সি ও পাসপোর্ট সাইজের ছবি। যেসব বিষয়ে পড়তে পারেন: ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রির জন্য আবেদন করতে পারেন। অ্যাকাউন্টিং, বিবিএ, এমবিএ, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ই-কমার্স, ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, মেরিন টেকনোলজি, অ্যাপ্লায়েড সায়েন্স, এগ্রিকালচার সায়েন্স, বায়োটেকনোলজি, আর্কিটেকচার, ফুড টেকনোলজি, ইন্টারন্যাশনাল বিজনেস, মেডিসিন, হেলথ কেয়ার, পাবলিক হেলথ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ প্রচলিত সব বিষয়ে রয়েছে পড়াশোনার সুযোগ। কেমন খরচ হবে: চার বছর মেয়াদি ব্যাচেলর কোর্স সম্পন্ন করতে বিষয়ভেদে টিউশন ফি বাবদ খরচ হবে মোট ৩,৪০,০০০ থেকে ৪,০০,০০০ থাই বাথ। অন্যদিকে মাস্টার্স প্রোগ্রামের জন্য বিষয় ও বিশ্ববিদ্যালয় ভেদে খরচ পড়বে মোট ৬০,০০০ থেকে ১,৫০,০০০ থাই বাথ। টিউশন ফি বাদে থাকা-খাওয়া খরচ তো আছেই। ৪,০০০ থাই বাথেই একজন বিদেশি শিক্ষার্থী অনায়াসে কাটাতে পারেন মাস। প্রতি থাই বাথ ২ দশমিক ১৮ টাকার সমান। খন্ডকালীন কাজের সুযোগ: পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন কাজের সুযোগ আছে দেশটিতে। বিদেশি শিক্ষার্থীরা সপ্তাহে ২০ ঘণ্টা কাজের সুযোগ পায়। তবে ছুটির দিনগুলোতে পূর্ণদিবস কাজ করা যায়। ব্যাংকক, পাত্তায়াসহ বড় বড় শহর বিশেষ করে পর্যটন এলাকাগুলোতে কাজের সুযোগ সবচেয়ে বেশি। অভিজাত রেস্টুরেন্টে কাজ করে ঘণ্টায় ১৮ থেকে ২২ থাই বাথ আয় করা যায়। থাই ভাষা জানা থাকলে আরো বেশি আয় করা সম্ভব। আছে বৃত্তির সুযোগ: থাই সরকার ছাড়াও বিদেশি শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ করে দিচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ফাউন্ডেশন ও বিশ্ববিদ্যালয়। বৃত্তির জন্য ভিজিট করুন এই লিংকে- studyinthailand.org/ study-abroad-thailand-university/ scholarship-Thailand.html শীর্ষস্থানীয় কিছু বিশ্ববিদ্যালয়: ব্যাংকক ইউনিভার্সিটি (www.bu.ac.th), চুলালংকর্ন ইউনিভার্সিটি (www.chula.ac.th), ওয়েবস্টার ইউনিভার্সিটি (www.webster.ac.th), সিল্পাকর্ন ইউনিভার্সিটি (www.shinawatra.ac.th), সিনাওয়াত্রা ইউনিভার্সিটি (www.su.ac.th), চিয়াংমাই ইউনিভার্সিটি (www.cmu.ac.th), এসসুমশন ইউনিভার্সিটি (www.au.edu), এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (www.ait.ac.th)।