উ দ্ভা ব ন .........................................

পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার প্রযুক্তিবান্ধব জলযান

দেশের বিভিন্ন স্থানে গমনকৃত যাত্রীদের একটি বড় অংশ জলপথের উপর নির্ভরশীল। শীতকালীন সময়ে অতিরিক্ত কুয়াশার দরুন এই যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়। রাতের বেলা অতিরিক্ত অন্ধকারের দরুনও চালকের অসুবিধা হয়। সামনের বাধা এড়ানো একেবারে অসম্ভব হয়ে পড়ে। এছাড়া চালক ঘুমিয়ে এ অবস্থায় অথবা মাঝে মাঝে অবহেলাবসত সামনের কোন বস্তুর সাথে সংঘর্ষ ঘটে যেতে পারে চরম দুর্ঘটনা, হতে পারে প্রাণহানি। সড়কপথের যানবাহনের নদী পারাপারের অন্যতম মাধ্যম ফেরি। কিন্তু শীতকালীন সময়ে ও রাতে অন্ধকারে ফেরি প্রায় অচল হয়ে পড়ে। এ অবস্থার কোন সমাধান এখনো পর্যন্ত আমাদের অজানা। যার ফলে ফেরি পারাপার বন্ধ হয়ে পড়ে এবং দুর্ভোগ পোহাতে হয় দুই পাশের অপেক্ষারত যাত্রীদের। সমস্যাসমূহের সমাধানের নিমিত্তে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ম সেমিস্টারের ছাত্র এসএম আশিকুজ্জামান, শেখ আব্দুল্লাহ-আল-মামুন এবং রাহুল দেব সরদার, ইলেক্টিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগের চেয়ারম্যান মনিবুর রহমানের তত্ত্বাবধায়নে তাদের ফাইনাল প্রজেক্ট হিসেবে এই সিস্টেমটি বাস্তবায়ন করে। মূল সিস্টেমটি কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি জলযান নিয়ন্ত্রক। এটি জলযানের মূল ইঞ্জিনের সাথে সম্পৃক্ত থাকবে। কুয়াশা এবং রাতের অন্ধকারে এটি তার সামনের বিপজ্জনক দূরত্বে থাকা বস্তুর অবস্থান সম্পর্কে চালককে তাত্ক্ষণিকভাবে অবহিত করবে। সামনের বস্তু অথবা জলযানটি কত দূরত্বে অবস্থান করছে এবং তা কত বেগে ছুটে আসছে তাও জানিয়ে দেবে চালককে। চালক তার নিজের অবস্থানসহ পার্শ্ববর্তী সকল বস্তুর অবস্থান সম্পর্কে অবগত হতে পারবে এবং জিপিএস এর সাহায্যে তার জলযান নিয়ন্ত্রণ করতে পারবে। এমনকি সামনের যানটি বিপজ্জনক দূরত্বে আসলে দুর্ঘটনা এড়াতে এটি স্বয়ংকৃয়ভাবে মূল ইঞ্জিন বন্ধ করে দেবে এবং চলমান গতি নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সম্পূর্ণ সিস্টেমটি ডেভেলপ করা হয়েছে মাইক্রোকন্ট্রোলার, সেন্সর এবং জিপিএস কন্ট্রোলারের সাহায্যে। এসএম আশিকুজ্জামান মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে আদর্শ প্রি- ক্যাডেট এন্ড হাইস্কুল, খুলনা থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে বাংলাদেশ নৌবাহিনী কলেজ, খুলনা থেকে। শেখ আব্দুল্লাহ-আল-মামুন মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বাগেরহাট থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে বাগেরহাট সরকারি পিসি কলেজ, বাগেরহাট থেকে। রাহুল দেব সরদার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে সেইন্ট জোসেপ উচ্চ বিদ্যালয়, খুলনা থেকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে এমএম সিটি কলেজ, খুলনা থেকে। এ সাফল্যের ব্যাপারে তাদের কাছে জানতে চাওয়া হলে তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের সকল শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা ভবিষ্যতে তাদের কর্মপরিধি আরো বিস্তৃত করতে চায়।