টাচস্ক্রিনে অনুভব করা যাবে ছবির বস্তুকে

ফিচার ফোনের যুগ শেষে এখন চলছে স্মার্টফোনের যুগ। আর তাতে করে প্রতিটি মোবাইলেই যুক্ত হচ্ছে টাচস্ক্রিন। কেবল মোবাইলই নয়, এখন টাচস্ক্রিন ছড়িয়ে পড়েছে সর্বত্রই। টাচস্ক্রিনে নতুন নতুন ফিচার যুক্ত করা নিয়ে গবেষণাও চলছে নিরন্তর। এরই ধারাবাহিকতায় এবারে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ডিজনি উদ্ভাবন করেছে এমন এক প্রযুক্তি, যার মাধ্যমে টাচস্ক্রিনে যে বস্তুর ছবি প্রদর্শিত হবে, তার মূল বস্তুকে স্পর্শ করে অনুভব করার সুযোগ করে দেবে। এই প্রযুক্তিতে কোনো বস্তুর ছবি টাচস্ক্রিনে প্রদর্শন করার সময়েই সেই বস্তুর প্রতিটি অংশের গঠনের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র মাত্রায় ভাইব্রেশন হবে। আর এই ভাইব্রেশনগুলোর মাধ্যমেই কোনো বস্তুকে স্পর্শ করার অনুভব পাওয়া যাবে। ডিজনি’র গবেষকরা জানিয়েছেন, প্রচলিত টাচস্ক্রিনগুলোতে এই ভাইব্রেশন যুক্ত করার প্রযুক্তিটি সম্পন্ন করা যাবে খুব সহজে এবং অল্প খরচেই। পিটসবার্গে ডিজনির গবেষণাগারে এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক আলী ইসরার। তার সাথে বস্তুর সাথে মানুষের স্পর্শের বিষয়টি ব্যাখ্যায় অন্যতম প্রধান ভূমিকা রেখেছেন ইভান পোপিরেভ। ইভান জানান, ‘আসলে কোনো বস্তুকে স্পর্শ করার সময় মানুষের ত্বকের সাথে বস্তুর ক্রিয়ার ত্বকে যে প্রতিক্রিয়া তৈরি হয়, তার ভিত্তিতেই মানুষের মস্তিষ্ক ওই বস্তুকে স্পর্শ করার অনুভূতি প্রদান করে। আমরা সেটারই প্রতিরূপ তৈরি করতে চেয়েছি ক্ষুদ্র মাত্রার ভাইব্রেশন তৈরির মাধ্যমে।’ এর ফলে টাচস্ক্রিনটি সমতল এবং মসৃণ হলেও বস্তুর ছবি প্রদর্শনের সময় তাতে স্পর্শ করলে ওই ভাইব্রেশনগুলো বস্তুর প্রতিটি খাঁজ বা অমসৃণতা অনুভব করার ব্যবস্থা করে দেবে। নিখুঁতভাবে এই প্রযুক্তিকে উপভোগ করার জন্য গবেষকরা তৈরি করেছেন একটি অ্যালগরিদম যা বিপুলসংখ্যক বস্তুর প্রতিরূপে প্রকৃত রূপটি স্পর্শের অনুভব দিতে প্রয়োজনীয় মাত্রার ভাইব্রেশন তৈরি করতে সক্ষম। আর তাতে করে যেকোনো বস্তুকে স্পর্শ করলে কেমন অনুভব হবে, টাচস্ক্রিনে তার ছবি প্রদর্শন করে টাচস্ক্রিনে স্পর্শ করেই জানা যাবে।