পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ

সাত মাস ধরে পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। চিকিত্সক না থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অস্ত্রোপচার বন্ধ থাকায় জমে উঠেছে ক্লিনিক ব্যবসা। ক্লিনিক কর্তৃপক্ষ সুযোগ বুঝে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। এতে প্রসূতি পরিবারের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই কেন্দ্রের চিকিত্সক অধীন্দ্রনাথ সরকারকে গত ৬ মার্চ লালমনিরহাটে বদলি করা হয়। চিকিত্সা কর্মকর্তা মাজেদ আলী শেখকেও গতমাসে বদলি করা হয়। ফলে কেন্দ্রটি চিকিত্সক শূন্য হয়ে পড়লেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ পদ দু’টি পূরণের ব্যবস্থা গ্রহণ করেনি। কেন্দ্রে প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন মা ও শিশু চিকিত্সাসেবা নিতে আসে। চিকিত্সকের অভাবে এখানে সিজারিয়ান অপারেশন হচ্ছে না। তবে স্বাভাবিক প্রসবসহ অন্যান্য সেবা দেয়া হচ্ছে। পঞ্চগড় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিত্সক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।