কুবি’র সকল নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২০:২২
অনিয়মের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের প্রধান মাসুদা কামালের দায়ের করা রিটের ভিত্তিতে সকল নিয়োগ কার্যক্রম এবং পদোন্নতি স্থগিত করেছে হাইকোর্ট এবং একই সঙ্গে চার সপ্তাহের মধ্যে উপাচার্যকে (ভিসি) কারণ দর্শানোরও নির্দেশ দেয়া হয়েছে। সোমবার বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
সূত্র জানায়, বিভিন্ন অনিয়ম, স্বজনপ্রীতি, দলীয়করণের ভিত্তিতে শিক্ষক নিয়োগ এবং পদোন্নয়ন করে আসছে উপাচার্য প্রফেসর ড. আমির হোসেন খান।
গত ১৬ সেপ্টেম্বর লোকপ্রশাসন এবং প্রত্নতত্ত্ব বিভাগে কোন প্রকার নিয়ম তোয়াক্কা না করে বোর্ড বসানোর প্রতিবাদে লোকপ্রশাসন বিভাগের প্রধান মাসুদা কামাল নিয়োগ বোর্ডে উপস্থিত হননি। নিয়োগ বোর্ডে উপস্থিত হয়ে উপাচার্যকে সহযোগিতা না করার কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গত ১৯ সেপ্টেম্বর মাসুদা কামালের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করে।
এ বিষয়ে মাসুদা কামাল জানান, ওই কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এতে হাইকোর্ট ডিভিশন গত ৩ অক্টোবর তদন্ত কমিটিকে অবৈধ ঘোষণা করে। এছাড়াও নিয়োগে অনিয়মের অভিযোগ এনে সকল নিয়োগ কার্যক্রম স্থগিতের জন্য তিনি হাইকোর্টে আরো একটি রিট দায়ের করেন।