সাত প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:১৬
দূষণবিরোধী অভিযানের কার্যক্রম হিসেবে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর সম্প্রতি সাতটি প্রতিষ্ঠানের মালিক/ প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকায় তলব করে শুনানি গ্রহণান্তে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ৯১ লাখ টাকা জরিমানা করেন।
ত্রুটিপূর্ণ তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) পরিচালনা করে পরিবেশগত ক্ষতিসাধনের জন্য ফকরুদ্দিন টেক্সটাইল মিলস লিঃ, কেওয়া, শ্রীপুর, গাজীপুরকে ২৭ লাখ টাকা; ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট লিঃ, জয়দেবপুর, গাজীপুরকে ৯ লাখ টাকা; হ্যামস ওয়াশিং প্লান্ট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকাকে ৬ লাখ টাকা; শান্তা ওয়াশিং প্লান্ট তেজগাঁও শিল্প এলাকা, ঢাকাকে ৭ লাখ টাকা; স্টেলেন্ট ওয়াশিং লিঃ, কৈট্টা, সাটুরিয়া মানিকগঞ্জকে ২ লাখ টাকা এবং বাইপাস এর মাধ্যমে কারখানার তরল বর্জ্য সরাসরি পার্শ্ববর্তী নদীতে নির্গমন করে পরিবেশ দূষণের দায়ে তাকওয়া ফ্রেবিক্স লিঃ ও কেওয়া, বহেরারচালা, শ্রীপুর, গাজীপুরকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি ব্যতীত ডাইং ও ওয়াশিং কারখানা পরিচালনা করে পরিবেশ দূষণের জন্য গাজীপুর জেলার টঙ্গী উপজেলাধীন পাগাড় এলাকায় অবস্থিত শার্প নিটিং এন্ড ডাইং লিঃ-কে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।—প্রেস বিজ্ঞপ্তি