সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগরের হাষাড়ায় গত সোমবার যাত্রীবাহী বাসের চাপায় লক্ষ্মী রাণী (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এ সময় তার চার বছর বয়সী মেয়ে অর্পণা গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত লক্ষী রাণী নবাবগঞ্জের মরিচা গ্রামের চিত্তন রাজবংশীর স্ত্রী। সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ রেলস্টেশনে গত সোমবার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধ নিহত হয়েছেন। পরে মঙ্গলবার সকালে রেলওয়ে (জিআরপি) পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা মাধবপুর উপজেলার হাড়িয়ায় গত সোমবার ভোরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহীন মিয়া (১৯) নামে একজন নিহত ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। নিহত শাহীনের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার নগরবাড়ি মাছিহাতা গ্রামে। আহতরা হলেন রাশিদা বেগম (৫০), আমিনুল (৫২), আবুল কালাম (২৬), আনোয়ার হোসেন (৫০), জিত সরকার (১১), শাহরুখ মিয়া (২৮), রেজিয়া (২৫), কমলা (৫৭), ওয়ারিশ (৩০), জালাল খান (৭০), জহিরুল (২৪)। আহতদের মাধবপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বরদী (পাবনা) ঈশ্বরদী-পাবনা মহাসড়কের হারুখালির মাঠ এলাকায় গত সোমবার দুপুরে বাসের চাপায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩২) নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন খোরশেদ আলী, রাহাত হোসেন, মিঠু, নাছরিন খাতুন, শিশু নাবিদ ও ইশান। আহতদের ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঠালিয়া (ঝালকাঠি) কাঠালিয়ায় বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় তাসলিমা বেগম (৪৩) নামে ব্র্যাক স্বাস্থ্য সেবিকা নিহত হয়েছেন। সে উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের পল্লী চিকিত্সক আবদুল মালেক হাওলাদার বাবুলের স্ত্রী। কাঠালিয়া উপজেলা সদরে অফিসে যাওয়ার পথে কাঠালিয়া বাসস্ট্যান্ডে বেইলি ব্রিজে ওঠার সময় ছিটকে চাকার নিচে পড়ে মারাত্মক আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্র (আমুয়া) নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত্যু ঘোষণা করেন।