পাঁচবিবির পাঁচ গরু ব্যবসায়ী বিএসএফের হাতে আটক

সোমবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা (সোনাতলা) সীমান্ত থেকে পাঁচ গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। মঙ্গলবার সকালে গরু ব্যবসায়ীরা উচনা সীমান্তের ২নং পিলার এলাকা দিয়ে গরু নিতে গেলে বিএসএফের বাধার সম্মুখীন হয়। এসময় তারা বিএসএফের উপর চড়াও হয়। গরু ব্যবসায়ীদের আক্রমণে বিএসএফ সদস্য মারাত্মক ভাবে আহত হন। আহত বিএসএফ সদস্য দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম সামরিক হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে বিএসএফ সদস্যরা পাঁচ বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়। ব্যাবসায়ীরা হলো উচনা গ্রামের লাল চাঁনের ছেলে জিয়াউল হক (৩৫), গাদলা শেখের ছেলে মতিউর রহমান, শরিফুদ্দিনের ছেলে সায়েম উদ্দিন (২৫), মজিবর রহমানের ছেলে ফয়েজ উদ্দিন (২৮), সোনাতলা গ্রামের আজিজার রহমানের ছেলে আশরাফুল (২৮)। এ ব্যাপারে জয়পুরহাট ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির খসরুর সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয়নি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন খন্দকার ঘটনা সত্য বলে জানিয়েছেন।