সুন্দরগঞ্জে শিক্ষকের পিটুনিতে শতাধিক শিক্ষার্থী আহত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:২৪
উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঢালাও পিটুনিতে শতাধিক কোমলমতি শিক্ষার্থী আহত হওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রধান শিক্ষিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী বাড়ি থেকে নিয়মিত দুধ ক্রয় করতো। রবিবার বিদ্যালয় চলাকালীন ছাত্রী আখিতারাকে (৭) ওই বাড়িতে দুধ আনতে পাঠায়। দুধসহ আখিতারা ও দুধ বিক্রেতা গৃহবধূ আফরুজা বেগম বিদ্যালয়ের বারান্দা পর্যন্ত পৌঁছলে শিক্ষিকার শিশু পুত্র লাবিব (৩) তার মাকে ধাক্কা দিলে তিনি দুধ বহনকারীদের উপর পড়ে যান। এঘটনা দেখে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীরা হেসে ফেলে। এতে প্রধান শিক্ষিকা ক্ষিপ্ত হয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে গিয়ে ক্লাস রুমের দরজা বন্ধ করে দিয়ে ওই সকল শিশুদের বেধড়ক মারপিট করে। মারপিটে শতাধিক শিশু আহত হয়। এঘটনা শিশুর অভিভাবকরা জানতে পাড়লে তারা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ে যায় এবং শিক্ষিকার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়লে তিনি কৌশলে পালিয়ে যান। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসে জানালে, শিক্ষিকার বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা গ্রহণ না করে ৩ দিনের ছুটিতে পাঠায়।