মোবারকগঞ্জে ৫০ কোটি টাকার চিনি অবিক্রিত

ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের দু’টি গুদামে প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ৯ হাজার ৭’শ টন চিনি অবিক্রীত অবস্থায় পড়ে আছে। চিনিকল কর্তৃপক্ষ জানায়, গুদাম ভর্তি এসব চিনি ইতিমধ্যে রং নষ্ট হয়ে গলতে শুরু করেছে। টাকার অভাবে শ্রমিক-কর্মচারীদের বেতন ও অন্যান্য পাওনাদি দিতেও তারা হিমসিম খাচ্ছে এবং মিলের মেরামত কাজ ব্যাহত হচ্ছে। ফলে আগামী ২০১৩- ১৪ মাড়াই মৌসুমে নির্দিষ্ট সময়ে চিনিকল চালু করা অসম্ভব হয়ে পড়বে। মোবারকগঞ্জ চিনিকল সূত্রে জানা যায়, গত মাড়াই মৌসুমে ৭ হাজার ৫ একর আখের জমি থেকে ১ লাখ ৩৩ হাজার ৫০ টন আখ মাড়াই করে ৯ হাজার ৪০ টন চিনি উত্পাদিত হয়। উক্ত চিনিসহ গত ২০১১-১২ মাড়াই মৌসুমের উত্পাদিত চিনির ৬’শ ৬০ মে. টনসহ মোট ৯ হাজার ৭’শ টন চিনি অবিক্রীত রয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এদিকে আগামী ২৯ নভেম্বর মোবারকগঞ্জ চিনিকলটি আবারও মাড়াই কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এবার ৮ হাজার ১৫ একর আখের জমি থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৫’শ টন চিনি উত্পাদনের সম্ভাবনা রয়েছে।