লোহাগাড়ায় হাত বাড়ালেই মাদক
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:২৫
চট্টগ্রামের লোহাগাড়ায় হাত বাড়ালে পাওয়া যাচ্ছে ইয়াবা, ফেন্সিডিল, চোলাই মদ, গাঁজাসহ বিভিন্ন রকমের মাদক। মাদকের বিষাক্ত ছোবলে ধ্বংসের মুখে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। উপজেলার পাড়া-মহল্লা, অলিতে-গলিতে সন্ধ্যার পর বসে মাদকের আসর। নেশার টাকা যোগাড় করতে অনেকে জড়িয়ে পড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায়। এতে উদ্বিগ্ন অভিভাবকসহ স্থানীয় এলাকাবাসী।
অনুসন্ধানে জানা যায়, এসব মাদকদ্রব্য বিভিন্ন রোড দিয়ে এলাকায় প্রবেশ করছে। পাচারের সহজ ও নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহূত হচ্ছে মহিলা, প্রাইভেট কার ও বাস। মাদকের উল্লেখযোগ্য পয়েন্টগুলো হচ্ছে উপজেলার পদুয়া তেওয়ারীহাট, মীরপাড়া, আলী সিকদার পাড়া, আধুনগর বাজার, লোহাগাড়া বটতলী ষ্টেশন, দর্জি পাড়া, রশিদার পাড়া, স্কুল রোড ও দরবেশহাট এলাকা। মাদক ব্যবসায়ীরা মিয়ানমার ও বান্দরবান থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে এলাকায় পাইকারী ও খুচরা দামে বিক্রি করছে। গত ২১ আগস্ট ৫১ লিটার চোলাই মদসহ ৫জনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। তারা হল মো. ইসমাইল, নাসিমা আক্তার, জাগির হোসেন, নাসির উদ্দিন ও আবদুল আজিজ। অন্যদিকে, ২৪ আগস্ট ১ হাজার পিচ ইয়াবাসহ ফওয়াদ আহমদ (৫০) নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান পিপিএম জানান, তিনি লোহাগাড়া থানায় যোগদানের পর থেকে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে গ্রেফতার করেছেন। জামিন পাওয়ার পর এরা পুনরায় মাদক ব্যবসায় জড়িত হয়।