চাটমোহর বেড়েছে সড়কের গাছ চুরি

উপজেলার মথুরাপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক ও রাস্তার সরকারি গাছ চুরি আশঙ্কাজনকহারে বেড়েছে। প্রতিদিনই ঘটছে গাছ চুরির ঘটনা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে কয়েক লাখ টাকার গাছ কেটে সাবাড় করা হয়েছে। সম্প্রতি চিরইল গ্রামের সড়কের লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী চোরের দলকে আটক করে। তাদের ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে গেলে চেয়ারম্যান ব্যবস্থা নেবেন বলে জানিয়ে পরে ছেড়ে দেয়া হয়। এর আগেও চিরইল, জবেরপুর, ইচাখালীসহ বিভিন্ন গ্রামীণ সড়কের কয়েক লাখ টাকার গাছ এলাকার একটি সংঘবদ্ধ চক্র কেটে বিক্রি করে দেয় বলে অভিযোগ। এ ব্যাপারে মথুরাপুর ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আজিজুল হক জানান, গাছ চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বেশ কিছুদিন যাবত্ গাছ চুরির ঘটনা ঘটছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের আশ্রয়-প্রশ্রয়ে এই চুরির ঘটনা ঘটছে। এলাকাবাসী অভিযোগ দিলেও কেউ কোন ব্যবস্থা নেয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, আমি বিষয়টি এসিল্যান্ডকে জানাচ্ছি ব্যবস্থা নেয়ার জন্য।