সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:২৭
ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যানের শপথ
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি\ শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উপ-নির্বাচনে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সোমবার শপথ গ্রহণ করেছেন। স্থানীয় উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকসহ স্থানীয় ইউপি সদস্য/সদস্যাসহ এলাকার ব্যক্তিবর্গ।
জয়পুরহাটে ৬৯৬ বোতল ফেনসিডিল আটক
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৬৯৬ বোতল ফেনসিডিলসহ ১টি ট্রাক আটক করেছে। ট্রাকসহ ফেনসিডিলের আনুমানিক মূল্য ১৭ লাখ ৭৮ হাজার ৪শ’ টাকা বলে বিজিবি জানায়। ৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, জয়পুরহাটের অতিরিক্ত পরিচালক মেজর মো. ফিরোজ আহমেদ জানান, সোমবার একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ আমির উদ্দিনের নেতৃত্বে ০৬ সদস্যের ১টি টহল দল একটি মিনি ট্রাককে ধাওয়া করলে জয়পুরহাট-বগুড়া রাস্তার পুনুট বাজারের নিকট ড্রাইভার ট্রাকটি থামিয়ে পালিয়ে যায়। বিজিবি ট্রাক তল্লাশি করে ৬৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
নীলফামারীতে স্যানিটেশন মাস পালন
নীলফামারী প্রতিনিধি \ সোমবার বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় স্যানিটেশন মাস পালন করা হয়েছে। ‘আমার ল্যাট্রিন স্বাস্থ্যসম্মত করবো, নিয়মিত ব্যবহার ও পরিষ্কার করবো’ এ স্লোগানকে সামনে রেখে সোমবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এবং প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, নীলফামারীর সহযোগিতায় শহরে র্যালি, আলোচনা সভা ও স্যানিটেশন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
জয়পুরহাটের ৮ শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি \ এলজিএসপি-২ কর্তৃক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দক্ষতা মূল্যায়নের বরাদ্দকৃত অর্থে তৈরিকৃত ৭০ সেট বেঞ্চ জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ৮টি শিক্ষা-প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে। সোমবার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব বেঞ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তুলে দেয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোজাম্মেল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ.স.ম মোক্তাদির তিতাস মোস্তফা।
মিঠাপুকুরে গ্রামীণ সেরা শিল্পিদের প্রতিযোগিতা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর রানীপুকুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুকুরের হাট বৈশাখী সাংস্কৃতিক একাডেমির আয়োজনে সোমবার গ্রামীণ সেরা কণ্ঠ ও সেরা নৃত্য শিল্পী প্রতিযোগিতা-১৩-এর ১ম রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। পৃষ্ঠপোষকতায় ছিলেন লিলি কেমিক্যাল কোম্পানি লিঃ-এর স্বত্বাধিকারী এ. কে. এম সেলিম ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রানীপুকুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আল-মাসুদ (মিল্টন)।
ভূঞাপুরে দুর্গাপূজা উপলক্ষে অনুদান প্রদান
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে নগদ টাকা প্রদান করা হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন ১২টি পূজা মণ্ডপের জন্য নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন।
হবিগঞ্জে খোয়াই নদী দখলমুক্তের দাবিতে মানববন্ধন
হবিগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জে খোয়াই নদী দখলমুক্ত করার দাবিতে গত সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। শহরের জলাবদ্ধতা নিরসনের দাবিতে পুরানমুন্সেফি, শ্যামলী, হরিপুর, নাতিরাবাদ, চিড়াকান্দি এলাকাবাসী ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিমের পরিচালনায় বক্তৃতা করেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল, সদস্য তোফাজ্জল সোহেল, সিপিবি নেতা হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর জুনায়েদ মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আলম চৌধুরী মিন্টু, সাংবাদিক রাসেল চৌধুরী প্রমুখ। পরে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দেয়া হয়।
বান্দরবানের আবাসিক হোটেলে ৯ জনের কারাদণ্ড
বান্দরবান প্রতিনিধি\ বান্দরবানে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে সাদিয়া হোটেল মালিকসহ নয়জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার বিকালে জেলা প্রশাসনের ডেপুটি নেজারত (এনডিসি) শামীম হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম বান্দরবান বাজারের সাদিয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে হোটেল মালিকসহ ৯ জনকে গ্রেফতার করেছে। এ সময় সাদিয়া হোটেল মালিক মোহাম্মদ শাকিলকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও লাকী রানী শীল, নূরুল আলম, সাইফুর রহমান, মোহাম্মদ গিয়াস, রহিমা বেগম, লাবনী আক্তার ছয়জনকে ৩ মাস করে এবং সাথী আক্তার ও লাকী আক্তার দু’জনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নোয়াখালীতে ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীদের মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি \ মেডিক্যাল অ্যাসিসটেন্ট কোর্সের ইন্টার্নীশিপে ভাতা চালু, ডিপ্লোমাধারীদের চাকরি ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির মর্যাদা, নতুন পদ সৃষ্টি ও নিয়োগ বাস্তবায়ন, উচ্চ শিক্ষার সুযোগ এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনসহ ৫ দফা দাবিতে ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষার্থীরা মানববন্ধন করে। গত সোমবার বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন চলাকালীন সময়ে জেলা শাখার সভাপতি ইকবাল বাহার ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম বক্তব্য রাখেন।
পঞ্চগড়ে সহকারী গ্রন্থাগারিক সমিতির কমিটি
পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় জেলার সকল মাধ্যমিক স্কুলের সহকারী গ্রন্থাগারিকদের নিয়ে গত সোমবার এক মতবিনিময় সভা বোদা পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। আলোচ্না শেষে সাকোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক ডাব্লিউ কুমার বর্মনকে সভাপতি, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সহকারী গ্রন্থাগারিক মো. আসাদুজ্জামান সাজুকে সাধারণ সম্পাদক ও নতুনহাট সফিউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক মো. তরিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পঞ্চগড় জেলা সহকারী গ্রন্থাগারিক সমিতির কমিটি গঠন করা হয়।
গাজীপুরে বিশ্ব শিশু দিবস পালন
গাজীপুর প্রতিনিধি \ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বাংলাদেশ শিশু একাডেমী গাজীপুর জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু শিক্ষার্থী দিলরুবা আক্তার দিশার সভাপতিত্বে বক্তব্য রাখেন নূরুল ইসলাম, সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মোঃ মাকসুদুল হক, উত্তম মিত্র, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন।
জগন্নাথপুরে শিক্ষার মানোন্নয়নে সভা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর ঘোষগাঁও টিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এম এ মান্নান। ইকবাল হোসেন সবুর মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ইউএনও হুমাযুন কবির, মুক্তাদির আহমদ মুক্তা।
সুজানগর পৌর বাস টার্মিনাল উদ্বোধন
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার প্রায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে পাবনার সুজানগর পৌর বাস টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা রবিউল হক টুটুল, ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুজ্জামান খান ও মকছেদ আলী প্রমুখ।
গুরুদাসপুরে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোরের গুরুদাসপুরে সোমবার অদিতি কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের শতাধিক কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সাংসদ আব্দুল কুদ্দুস আনুষ্ঠানিকভাবে ওই সনদপত্র বিতরণ করেন। বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম। বক্তৃতা করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তার।
বাকৃবিতে ফিশারিজ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন
বাকৃবি প্রতিনিধি \ বাংলাদেশ কৃিষ বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সোমবার লবণজাতকরণের মাধ্যমে মাছ সংরক্ষণ বিষয়ে বাংলাদেশে প্রথমবারের মতো লেখা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। “পিক্ল কিউরিং অফ ব্রিটিশ কোস্ট হেয়ারিং ফিশ” নামক ইংরেজীতে বইটি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের মত্স্য প্রযুক্তি বিভাগের বিশিষ্ট গবেষক ও অধ্যাপক ড. মো. আবুল মনসুর মিল্লাত।
নবীগঞ্জে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা \ সোমবার উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অষ্টম মেধাভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদুল হক চৌধুরীর সভাপতিত্বে শিক্ষিকা ঊমা রানী পালের পরিচালনায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
নেত্রকোনায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনায় হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার প্রতিমা নির্মাণ শেষ পর্যায়ে। এখন পূজা প্রাঙ্গণ সাজানো হচ্ছে। এদিকে নেত্রকোনা শহরের বাড়বাজারের ‘এসো পূজা করি’র ’ উদ্যোগ দরিদ্রদের মাঝে পূজা চলাকালে বস্ত্র বিতরণ এবং নির্বাচিত ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন উপবৃত্তি প্রদান করা হবে।
মোরেলগঞ্জে দুস্থ পরিবারে চাল বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহা ও দুর্গোত্সব উপলক্ষ্যে ১৬ ইউনিয়নে প্রায় ২৬ হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে। গতকাল মঙ্গলবার থেকে এ চাল বিতরণ শুরু করা হয়।
ঈশ্বরদীতে পরিবেশবান্ধব মতবিনিময় সভা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ পরিবেশ উন্নয়নকল্পে জ্বালানি (ধানের তুষ) সাশ্রয়ী, নিরাপদ ও পরিবেশবান্ধব উন্নত ধান সিদ্ধকরণ পদ্ধতি এবং ঈশ্বরদী মোকামে চালকলের মতবিনিময় সোমবার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস মিলনায়তনে উপজেলা চালকল মালিক গ্রুপ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ‘জিআইজেড’-এর প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হানকক।
জলঢাকায় আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার
জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জলঢাকায় আন্তঃজেলা ডাকাত দলের দু’সদস্যকে রবিবার রাতে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। উপজেলার সাইডনালা বাজারে রবিবার রাতে একটি জেনারেটর চুরি হলে জেনারেটরের মালিক সন্দেহজনক একাধিক মামলার আসামি একই এলাকার আইউব আলীর ছেলে ফজল আলী ওরফে চেয়ারম্যান (৩৫) কে আটক করে।
দিনাজপুরে ফ্রি অপারেশন ক্যাম্প
স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালে দুই দিনব্যাপী কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি)-এর আয়োজনে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন -এর সহযোগিতায় প্লাষ্টিক সার্জন অধ্যাপক ডাঃ সাজ্জাদ খন্দকারের সার্বিক তত্ত্ব্বাবধানে বিশেষজ্ঞ চিকিত্সকদের সমন্বয়ে বিনামূল্যে প্রতিবন্ধী, কাটা ঠোঁট, কাটা তালু অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার থেকে দিনাজপুর ডায়াবেটিস হাসপাতালে এই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়।
বানারীপাড়ায় আশার উদ্যোগে ওয়ার্কশপ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা\ বানারীপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার স্বাস্থ্য কর্মসূচির আওতায় নবজাতক ও শিশুর যত্ন বিষয়ক সপ্তাহব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গত এক সপ্তাহ বানারীপাড়া পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ৯০টি সমিতিতে আশার আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোজাহারুল ইসলাম’র সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রেজাউল করিম,সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন, লোন অফিসার মোঃ নজরুল ইসলাম,কাওছার হোসেন।
রাণীনগরে আশা’র স্বাস্থ্য বিষয়ক কর্মশালা
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে আশা’র ৭টি ব্র্যাঞ্চে একযোগে আশা’র সদস্য ও আশেপাশের মহিলাদের নিয়ে ‘নবজাতক ও শিশুর যত্ন’ বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগে ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী সেনবাগের কল্যান্দী বাজার থেকে আনোয়ার হোসেন (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিক তার কার্যালয়ে এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীজবাগ গ্রামের হাবিব উল¬্যার ছেলে।
বাগেরহাটে ইন্টার্নী শিক্ষার্থীদের মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি \ দেশব্যাপী ডিপ্লে¬ামা মেডিক্যাল ইন্টার্নী অ্যাসোসিয়েশনের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বাগেরহাট প্রেসক্লাবের সামনে ম্যাটস-এর শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করে। ৫ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, ইন্টার্নীশিপে ভাতা ও আবাসন সুবিধা প্রদান, চাকরির ক্ষেত্রে ২য় শ্রেণির পদমর্যাদা, চলমান পদোন্নতি প্রদান, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিক্যাল ইনস্টিটিউট করা এবং উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রবৃত্তি প্রদান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি উচ্চ বিদ্যালয়ের ৮ জন শিক্ষার্থীর মাঝে গুলমেহের ট্রাস্ট ছাত্রবৃত্তি প্রদান করে। গত সোমবার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। ৮ জন ছাত্র-ছাত্রীর প্রত্যেককে ৩ হাজার ৬’শ টাকা করে মোট ২৮ হাজার ৮’শ টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মো. তসলিম উদ্দিন।
চান্দিনায় দিশা’র শিক্ষাবৃত্তি বিতরণ
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার চান্দিনায় ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা)-এর শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করেন কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। দিশা’র প্রধান নির্বাহী মো. সহিদ উল্লাহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার শেখ ছালেহ আহাম্মদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ সাদি, কাউসার আজি, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদ উদ্দিন, চান্দিনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারিক সালমান প্রমুখ। এ সময় ১০১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ এক হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করে।
হবিগঞ্জে রানা প্লাজায় হতাহতদের সহায়তা প্রদান
হবিগঞ্জ প্রতিনিধি \ রানা প্লাজা ধসে হবিগঞ্জে গত সোমবার দুপুরে নিহত ও আহত ৩৭ জনের পরিবারকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামেয়াতুল খাইর ও মাদানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে এ অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। অনুষ্ঠানে নিহত ৮, নিখোঁজ ৪ ও আহত ২৫ জনের পরিবারকে এ সাহায্য দেয়া হয়েছে। এর মধ্যে বানিয়াচং উপজেলার ১৭, আজমিরীগঞ্জের ১৮ এবং চুনারুঘাট ও বাহুবলের ২ জন সাহায্য পান। তাদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে দেয়া হয়।