সিরিজ জিতলো ইংল্যান্ড

ফিল্ডিংকে দুষলেন

পাকিস্তান অধিনায়ক

 স্পোর্টস ডেস্ক

ওপেনার জেসন রয়ের ১১৪ ও মিডল-অর্ডার ব্যাটসম্যান বেন স্টোকসের অপরাজিত ৭১ রানে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

ইংল্যান্ড গত শুক্রবার রাতে নটিংহামে চতুর্থ ম্যাচে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকলো। বাবর আজম ১১৫ রানের ইনিংস খেলেও পাকিস্তানের হার রুখতে পারেননি। আগামীকাল লিডসে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে। একটি খেলা বৃষ্টিতে পণ্ড হয়।

বাবর আজম নিজে সেঞ্চুরি করা ছাড়াও ওপেনিং জুটিতে ফখর জামানকে নিয়ে ১০৭ ও পরে মোহাম্মদ হাফিজের সাথে জুটি বেঁধে ১০৪ রান জমা দেন দলের ভাণ্ডারে। ফখর ও হাফিজ উভয়েই অর্ধশতক হাকান। কিন্তু তা যথেষ্ট ছিল না।

পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমদ হারের পর বলেন, এটা তাদের দুর্ভাগ্য। কারণ তার ব্যাটসম্যানরা রান তুলছেন। কিন্তু বোলিং ও ফিল্ডিং ঠিকমতো হচ্ছে না। তিনি বলেন,‘আমরা যদি ক্যাচগুলো ধরে এবং নিজেরা আরো ভালোভাবে প্রয়োগ ঘটাতে পারতাম, সেটাই হতো ব্যবধান। আমরা অনেক খাটছি। কিন্তু বিশ্বকাপের মুখে যেভাবে ফিল্ডিং করছি তা যথাযথ নয়।’

পাকিস্তান টসে হেরে ব্যাটিং নিয়ে সাত উইকেটে ৩৪০ রান তোলে। জবাবে তিন বল বাকি থাকতে সাত উইকেটে সংগ্রহটি ছাড়িয়ে যায় ইংল্যান্ড। যদিও পাকিস্তান মাঝে ১৫ রানের ব্যবধানে চার উইকেট ফেলে স্বাগতিকদের ঘাবড়ে দিয়েছিল। কিন্তু বেন স্টোকস অপরাজিত ৭১ রানের ইনিংস দিয়ে পরিস্থিতি সামাল দেন।

তারপরও জয় বলে কথা। অধিনায়ক ইয়ন মর্গান সাময়িক নিষিদ্ধ থাকায় এ ম্যাচে খেলেননি। ভারপ্রাপ্ত অধিনায়ক জস বাটলার বলেন,‘এটা খুবই ভালো একটা জয়। খেলার অধিকাংশ সময়েই আমরা ছিলাম শ্রেয়তর। ব্যাট হাতে আমাদের কয়েকটা ওভার খারাপ গিয়েছিল যা হতাশার। কিন্তু বেন স্টোকস সেখানে ছিলেন বলে টম কুরানের সাথে জুটি বাঁধায় আমাদের জন্য ভালো হয়েছে।’

তিনি আরো বলেন,‘আমি মনেকরি বোলাররা আজ দুর্দান্ত দেখিয়েছে। ৩৪০ শোনাতে যতটা খারাপ শোনায়, তারপরও পাকিস্তান যেভাবে শুরু করেছিল, তাতে এটি কিছুটা কমই ছিল। আমরা দেখছি সংগ্রহ কেবল স্ফীত হচ্ছে এবং স্ফীতই হচ্ছে। আজ তাড়া করার জন্য ৩৪০ খুব বড় সংগ্রহ ছিল না।’

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান ৫০ ওভারে ৩৪০/৭ (বাবর ১১৫, হাফিজ ৫৯; টম কুরান ৪/৭৫)

ইংল্যান্ড ৪৯.৩ ওভারে ৩৪১/৭ (রয় ১১৪, স্টোকস অপরাজিত ৭১, ভিন্স ৪৩)

ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।  —ইএসপিএনক্রিকইনফো।