প্রযুক্তি ব্যক্তিত্ব
ডোনাল্ড কেনাথ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৪৫
বিশ্বব্যাপী কম্পিউটার বিজ্ঞানীদের মধ্যে মূলত তারাই বেশি পরিচিত, যারা বিভিন্ন উল্লেখযোগ্য যন্ত্রাংশ উদ্ভাবন করেছেন কিংবা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে যুগান্তকারী সব প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করেছেন। তবে এর বাইরেও কম্পিউটার, প্রোগ্রামিং প্রভৃতি বিষয়ে লেখালেখি করেও অনেকে বিখ্যাত হয়ে রয়েছেন। এমনই একজন কম্পিউটার বিজ্ঞানী এবং গণিতবিদ হলেন ডোনাল্ড কেনাথ। তার লেখা একাধিক খণ্ডের ‘দ্য আর্ট অব কম্পিউটার প্রোগ্রামিং’ সারা বিশ্বেই কম্পিউটার বিজ্ঞানী, বিশেষ করে প্রোগ্রামারদের কাছে সমাদৃত। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমিরেটস প্রফেসর কেনাথকে অ্যালগরিদম বিশ্লেষণেরও জনক বলা হয়ে থাকে। মেধাবী এই বিজ্ঞানী ছোটবেলাতেই তার প্রতিভার প্রমাণ দিয়েছেন। অষ্টম গ্রেডে থাকার সময় একটি প্রতিযোগিতায় তিনি ‘Ziegler’s Giant Bar’ শব্দগুচ্ছের অক্ষরগুলোকে দিয়ে সাড়ে ৪ হাজার শব্দ তৈরি করতে সমর্থ হন, যেখানে বিচারকদের কাছে তালিকাবদ্ধ ছিল মাত্র আড়াই হাজার শব্দ। কেস ইনস্টিটিউট অব টেকনোলজিতে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়েন কেনাথ। সেখানেই তিনি আইবিএম-এর শুরুর দিককার কিছু মেইনফ্রেম কম্পিউটারের সাথে পরিচিত হয়ে ওঠেন। পরে তিনি পদার্থ বিজ্ঞান বাদ দিয়ে গণিতে পড়ালেখা শেষ করেন। ১৯৬৩ সালে তিনি গণিতেই পিএইচডি ডিগ্রি লাভ করেন। ওই সময় থেকেই তিনি ‘দ্য আর্ট অব কম্পিউটার প্রোগ্রামিং’ লেখা শুরু করেন।