মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যবস্থাপনায়
আসতে পারেন শচিন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৫৬
শচীন টেন্ডুলকারকে ভবিষ্যতে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যবস্থাপনার কোন দায়িত্বে দেখা যেতে পারে। নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলা শচীন হয়তো আগামী মৌসুমেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দলটিতে কোন দায়িত্ব নিতে পারেন। তিনি নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের ডাগ আউটে তাকে অন্য কোন ভূমিকায় দেখা যাবে কিনা জানতে চাইলে শচীন বলেন, ‘এখন পর্যন্ত আমি জানি না। আমরা কেবলমাত্র টুর্নামেন্টের শিরোপা জয় করলাম এবং আমি এটা উপভোগ করতে চাই। এখনো (পরবর্তী আইপিএল) ছয় মাস বাকি এবং আমি নিশ্চিত যে, এ সময়ের মধ্যে কিছু একটা হবে।’ চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি’র নিজস্ব ওয়েবসাইটে ভারতের এই ক্রিকেট সুপারস্টারকে উদ্ধৃতি করে বলা হয়, ‘আমি মূলত আগামী মৌসুমের দিকে তাকিয়ে আছি। কারণ ছয় বছর যাবত্ আমি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত আছি এবং এত আমার একটা অভিজ্ঞতা হয়েছে যা সত্যিই উপভোগ করছি।’
শচীন জানান আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পর তার সব স্বপ্নই পূরণ হয়েছে। ২০০ টেস্ট খেলার আর এক মাইলফলক স্পর্শ করতে যাওয়া ৪০ বছর বয়সী এ ক্রিকেটার বলেন, ‘অসাধারণ! আইপিএল এবং একই বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করা বিশেষ কিছু। আইপিএল মৌসুম শুরু হওয়ার পর এটি জয়ের জন্য আমি মরিয়া ছিলাম। সেই থেকেই দল চমত্কার খেলে আসছে এবং শেষ ফলটা হয়েছে চমত্কার।’ তিনি আরো বলেন, ‘স্বপ্ন ছিল বিশ্বের এক নম্বর দলের অংশ হওয়া, তারপর বিশ্বকাপ, আইপএল এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা। সকল স্বপ্নই এখন পূর্ণ হয়েছে।’
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সর্বাধিক রান সংগ্রহ করা, সর্বোচ্চ সেঞ্চুরিসহ ক্রিকেটের প্রায় সকল রেকর্ডের মালিক টেন্ডুলকার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যদিয়ে সব ঘরানার ভারতীয় ক্রিকেটার হিসাবে প্রথম ৫০০০০ রান পূর্ণ করেন। এ ব্যাপারে জানতে চাইলে শচীন জানান এসব নিয়ে তিনি খুব বেশি একটা চিন্তা করেন না এবং এগুলো তার কাছে একটা বিস্ময় হিসেবে এসেছে। তিনি বলেন, ‘এ মাইলফলক সম্পর্কে আমি জানতাম না। বড় পর্দায় যখন ভেসে উঠল যে ৫০০০০ রান হতে আর মাত্র দুই রান দরকার তখনই আমি বিষয়টি অনুধাবন করলাম। এটা আশ্চর্যজনকভাবেই আমার কাছে এসেছে, অনুভূতিটা ছিল অসাধারণ। খেলোয়াড়ী জীবনের দীর্ঘপথ পরিক্রমায় অনেক চ্যালেঞ্জ আমি উপভোগ করেছি। সেখানে উত্থান-পতন দুটোই ছিল। এ অসাধারণ পথ পরিক্রমায় কোন বিষয়েই আমার কোন অভিযোগ নেই। আমার মতে খেলাটাকে উপভোগ কর এবং তোমার স্বপ্নকে অতিক্রম করো- কারণ স্বপ্ন সত্যি হয়।’ নেটে অনুশীলনকালে তার একাগ্রতার বিষয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারের প্রশংসা সম্পর্কে তিনি বলেন, ‘অনুশীলনে কঠোর পরিশ্রমের কারণেই একটা ম্যাচে ব্যাটিং করাটা আমি উপভোগ করি। কোন কোন দিন হয়তো অনুশীলন করতে ভাল লাগে না এবং ওই দিন নেট অনুশীলন থেকে বিরত থাকি, নিজের ওপর আমি জোর করি না। অনেকদিন যাবত্ ক্রিকেট খেলছি এবং এখন আমার বয়স ৪০। আমি জানি আমার হাতে সময় খুব বেশি বাকি নেই এবং যে কারণে যতক্ষণ ক্রিকেটের মধ্যে আছি প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই।’ বাসস