৪-০ ‘ভূত’ তাড়াতে
মরিয়া ম্যাককালাম!
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৫৮
একদিন আগেই রস টেলর বলে ফেলেছিলেন ‘৪-০’র কথা মনেই নেই তার! কিন্তু, অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম অন্তত নিজেকে ‘স্মৃতিভ্রষ্ট’ হিসেবে দাঁড় করালেন না। চট্টগ্রাম টেস্টের আগে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসে স্পষ্টই জানিয়ে দিলেন, গতবারের ওয়ানডে সিরিজটা সফরকারীদের জন্য বেশ কষ্টকরই ছিল। আর এই সিরিজে ঘুরে দাঁড়িয়ে সেই স্মৃতিকে মাটিচাপা দিতে মরিয়া তার দল; অন্তত তেমনই দাবি করলেন এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান।
২০১০ সালের সেই সিরিজে নিউজিল্যান্ডকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছিল বাংলাদেশ। ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশের সেই স্মৃতি মনে রেখেই ম্যাককালাম বলেন, ‘শেষ বার যখন আমরা এখানে এসেছিলাম তখন আমাদের বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। সেবার প্রস্তুতিটা যেমন হওয়ার কথা ঠিক সেভাবে আমরা প্রস্তুতি নিতে পারিনি। আর বাংলাদেশ তাদের নিজেদের কন্ডিশনে খেলছে। এবার আগের সেই ব্যর্থতাকে চাপা দিতে আমাদের প্রস্তুতি বেশ ভাল। দলের কয়েকজন এই সিরিজের আগেই শ্রীলঙ্কায় খেলে এসেছে, উপমহাদেশের অন্যান্য জায়গায়ও অনেকে খেলেছে। তাই আমার মতে, গতবারের চেয়ে এবার আমাদের প্রস্তুতি অনেক ভাল।’
সংবাদ সম্মেলনে ঘুরে ফিরেই আসলো সেই সিরিজের কথা। ম্যাককালামও এড়িয়ে না গিয়ে বললেন, ‘এটা এমন একটা সিরিজ যেটা আমরা সব সময়ই ভুলে যেতে চাই। যারা সিরিজে দলে ছিল তাদের প্রত্যেককেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অনেকের ক্যারিয়ারের জন্যও সিরিজটা ছিল ভয়াবহ। তাই চাইলেও ভুলে যাওয়া যায় না সেই সিরিজের কথা। তবে, সেই দলের সাথে এই দলের মধ্যে অনেক পার্থক্য। ম্যানেজমেন্টেও অনেক পরিবর্তন এসেছে। গত সিরিজ থেকে আমরা শিক্ষা নিয়েছি। এবার আর আগের মতো ভুল হবে না বলেই আশা করছি।’ সাথে সাথে গতবারের ব্যর্থতা মুছে ফেলার প্রত্যয় ব্যক্ত করলেন সফরকারী অধিনায়ক, ‘প্রথমে আমাদের টেস্ট সিরিজে ভাল একটি সূচনা নিশ্চিত করতে হবে। আমাদের এই সফরটিকে তুলনামূলক ভাবে সাফল্যময় করে তুলতে হবে।’ গতবারের মতো এবারও সাকিব আল হাসানকেই মোকাবেলা করাকেই সবচেয়ে চ্যালেঞ্জ বলে মনে করছেন ম্যাককালাম, ‘সাকিব বিশ্বমানের একজন খেলোয়াড়। তাকে অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম করতে দেখছি। আমার সৌভাগ্য যে কলকাতায় সে আমার টিম মেট ছিল। এই সিরিজেও সে আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। যে কোন ভাবেই তাকে বোকা বানাতে হবে। সাথে টপ অর্ডারে তামিম ইকবালকেও আমাদের মাথায় রাখতে হবে। যত দ্রুত সম্ভব তাকে আউট করতে হবে।’